২২ বছর পর চলচ্চিত্র নির্মাণে সালাহউদ্দীন জাকী

আপডেট : ০১ ডিসেম্বর ২০১২, ১৯:২৪
সৈয়দ সালাহউদ্দীন জাকী একাধারে একজন চলচ্চিত্র নির্মাতা, কাহিনীকার, চিত্রনাট্যকার, সংলাপকার, প্রশিক্ষক, লেখকসহ আরও বহু গুণে গুণান্বিত। বিশিষ্ট এই চলচ্চিত্র ব্যক্তিত্ব সর্বপ্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন ১৯৮০ সালে। ছবির নাম ‘ঘুড্ডি’। এই ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছিলেন রাইসুল ইসলাম আসাদ এবং সুবর্ণা মুস্তাফা। ১৯৮০ সালে সালাউদ্দীন জাকী এই ছবির সংলাপ লেখক হিসেবে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর আলমগীর ও রোজিনাকে নিয়ে ‘লাল বেনারসী’ এবং ইলিয়াস কাঞ্চন ও অঞ্জুকে নিয়ে নির্মাণ করেন ‘আয়না বিবির পালা’। এই ছবি দুটি ১৯৯০ সালে মুক্তি পায়। এর আগে ১৯৮১ সালে তিনি এফডিসিতে অপারেটিভ ডিরেক্টর হিসেবে যোগ দেন এবং পরবর্তীতে ১৯৯৬ সালে ৫ বছরের জন্য বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তারপর ১০ বছর ছিলেন কানাডায়। যে কারণে বিগত বাইশ বছরে তাকে নতুন কোনো ছবি নির্মাণ করতে দেখা যায়নি। দীর্ঘ ২২ বছর পর গুণী এই চলচ্চিত্র ব্যক্তিত্ব প্রথমবারের মতো সরকারি অনুদানে ‘একা’ নামক একটি ছবি নির্মাণ করতে যাচ্ছেন। এর গল্প রচনা করেছেন ফরিদুর রেজা সাগর। চিত্রনাট্য সৈয়দ সালাউদ্দীন জাকীর নিজেরই করা।