লাশ দাফনের আগে বয়স্ক ভাতার কার্ড ফেরতের দাবি

আপডেট : ০১ ডিসেম্বর ২০১২, ২১:০২
গৌরনদী পৌরসভার হরিসোনা গ্রামের কালাই সরদারের স্ত্রী তানজিলা বেগমের (৭০) লাশ দাফনের আগেই তার বয়স্ক ভাতার কার্ডটি ফেরত চাইলেন ওই ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সাবিনা খোন্দকার। শোকাহত পরিবারের লোকজন ও এলাকাবাসী একজন জনপ্রতিনিধির এ ধরনের আচরণে চরমভাবে ব্যথিত ও ক্ষুব্ধ হন। তানজিলা বেগমের পুত্র কামাল সরদার জানান, গত ২৮ নভেম্বর সকালে তার মা মারা যান। বাড়ির সবাই যখন তার লাশ নিয়ে কান্নাকাটি করছিলেন ঠিক সেই মুহূর্তে ওই ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সাবিনা খোন্দকার তাদের বাড়িতে উ্পস্থিত হয়ে তার মায়ের বয়স্ক ভাতার কার্ডটি ফেরত চান। তারা ভেবেছিলেন, তাদের পরিবারের প্র্রতি সমবেদনা জানাতে তার আগমন। কিন্ত তাদের ধারণা মুহূর্তেই পাল্টে যায়। তিনি কোন কিছু না বলেই কার্ডটি চাইলেন। সাবিনার আচরণে জানাজায় উপস্থিত সবাই হতবাক হন।