ভেজাল খাদ্য গ্রহণে বাড়ছে মূত্রতন্ত্রে ক্যান্সার রোগী

আপডেট : ০১ ডিসেম্বর ২০১২, ২১:২৪
ভেজাল ও ক্যামিক্যালযুক্ত খাদ্য, ধূমপান, তামাক ও তামাকজাতীয় দ্রব্য সেবন, মূত্রতন্ত্রের রোগ সম্পর্কে রোগীদের অসচেতনতা ও অজ্ঞতা, আধুনিক চিকিত্সা প্রযুক্তির অভাব, দক্ষ ইউরোলজিস্ট, লোকবল ও চিকিত্সা কেন্দ্রের অপ্রতুলতা ইত্যাদি কারণে দেশে মূত্রতন্ত্র (ইউরোলজিক্যাল) ও মূত্রতন্ত্রের ক্যান্সার বিষয়ক রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। মূত্রতন্ত্র বিষয়ক রোগীদের মধ্যে ৮০ শতাংশ ইউরোলজিক্যাল ও ২০ শতাংশ মূত্রতন্ত্র বিষয়ক ক্যান্সারে আক্রান্ত। এছাড়া ট্যানারিশিল্পে কর্মরত শ্রমিকের এ্যালিলিন ডাই ক্যামিক্যালের সংস্পর্শে এসে ওই সকল শ্রমিক মূত্রতন্ত্রের ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। শুক্রবার রাজধানীর মহাখালীর বিসিপিএস মিলনায়তনে ইউরোলজি এন্ড ট্রান্সপ্লানটেশন ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত মূত্রতন্ত্রের ক্যান্সার বিষয়ক ২ দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। শনিবার সমাপ্ত হওয়া এ সেমিনারে ভারত, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রসহ দেশ-বিদেশে চার শতাধিক প্যাথলজি ক্যান্সার ও ইউরোলজিক্যাল (মূত্রতন্ত্র বিষয়ক) বিশেষজ্ঞ চিকিত্সকগণ অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ এ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, জাতীয় অধ্যাপক এমআর খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, বাংলাদেশ এসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনস-এর সভাপতি অধ্যাপক মেজর জেনারেল (অব.) মো. আলী আকবর। আরো বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক এম এ সালামের দি ইনডিপেনডেন্ট পত্রিকার সম্পাদক মাহবুবুল আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ আলী, অধ্যাপক একেএম আনওয়ারুল ইসলাম প্রমুখ।