আলট্রা মিল্ক প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মোহামেডান। পূর্ণ ১৮ ম্যাচ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করে প্রিমিয়ার দাবা লিগের শিরোপা অক্ষুণ্ন রাখলো মোহামেডান। তাদের পক্ষে অংশ নেন জর্জিয়ার গ্র্যান্ড মাস্টার মচেডলিশভিলি, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, জর্জিয়ার গ্র্যান্ড মাস্টার মেরাব গাগুনাশিভিলি, গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর এবং ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক।
বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে এবং শিলাইদাহ ডেইরীর পৃষ্ঠপোষকতায় গতকাল শনিবার অনুষ্ঠিত নবম বা শেষ রাউন্ডের খেলায় মোহামেডান ৪-০ পয়েন্টে এয়ার ডেসটিনি লিমিটেডকে পরাজিত করে। প্রিমিয়ার দাবা লিগের নতুন দল দুরন্ত রাজশাহী রানার্স-আপ হয়েছে। তারা মোট ১৬ পয়েন্ট পেয়ে রানার্স-আপ হয়। দুরন্ত রাজশাহীর পক্ষে অংশ নেন রাশিয়ার গ্র্যান্ড মাস্টার দমিত্রি কোকারেভ, ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার মার্টিন ক্রভসিভ, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব, গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার ও ফিদে মাস্টার তৈয়বুর রহমান। শেষ রাউন্ডের দুরন্ত রাজশাহী ৩-১ পয়েন্টে তিতাস ক্লাবকে পরাজিত করে।
১২ পয়েন্ট করে নিয়ে তিতাস ক্লাব তৃতীয় স্থান এবং একসেস গ্রুপ চেস ক্লাব চতুর্থ স্থান লাভ করে। তিতাস ক্লাবের পক্ষে ভারতীয় গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া, ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, গোলাম মোস্তফা ভুঁইয়া, ফিদে মাস্টার ইউনুস হাসান ও মোঃ জামাল উদ্দিন। অন্য স্থানগুলো হচ্ছেঃ পঞ্চমঃ নারায়ণগঞ্জ প্রিতম-প্রিজম চেস ক্লাব, পয়েন্ট-১১, ষষ্ঠঃ এয়ার ডেসটিনি লিমিটেড, পয়েন্ট-৭, সপ্তমঃ বাংলাদেশ বিমান, পয়েন্ট-৬, অষ্টমঃ ফেইথ চেস ক্লাব, পয়েন্ট-৪, নবম-ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, পয়েন্ট-৩ এবং দশমঃ ডেসটিনি ২০০০ লিমিটেড, পয়েন্ট-১। সর্বনিম্ন স্থান করায় ফরাশগঞ্জ এবং ডেসটিনি ২০০০ প্রথম বিভাগে নেমে গেছে। শেষ রাউন্ডের অন্যান্য খেলায় একসেস গ্রুপ ৪-০ পয়েন্টে ফেইথ চেসকে ও প্রিতম-প্রিজম ৪-০ পয়েন্টে ফরাশগঞ্জকে পরাজিত করে এবং বিমান ২-২ পয়েন্টে ডেসটিনি ২০০০ এর সাথে ড্র করে।
শতকরা হারে বোর্ড পুরস্কার পান যথাক্রমেঃ ১ম বোর্ড: দুরন্ত রাজশাহীর গ্র্যান্ড মাস্টার দমিত্রি কোকারেভ (৮৮.৯%), ২য় বোর্ড: দুরন্ত রাজশাহীর গ্র্যান্ড মাস্টার মর্টিন ক্রভসিভ (৮৭.৫%), ৩য় বোর্ড: মোহামেডানের গ্র্যান্ড মাস্টার মেরাব গাগুনাশভিলি (৮৭.৫%), ৪র্থ বোর্ডঃ দুরন্ত রাজশাহীর গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব ও মোহামেডানের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান (৮৩.৩%)। অতিরিক্ত ১: মোহামেডানের আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর (১০০%) এবং অতিরিক্ত ২: প্রিতম-প্রিজমের সোহেল চৌধুরী (স্কোর ৫৭.১%)।
গতকাল খেলা শেষ একই স্থানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি সৈয়দ শাহাবউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। শিলাইদাহ ডেইরীর পরিচালক গাজী নাজমুল তারেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি কে, এম, শহীদউল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক, প্রিমিয়ার ডিভিশন লিগ কমিটির চেয়ারম্যান লায়ন মজিবুর রহমান হাওলাদার, মোহামেডানের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ও দুরন্ত রাজশাহীর ফিদে মাস্টার তৈয়বুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন লিগ কমিটির সদস্য সচিব কামরুজ্জামান ভুঁইয়া। ১০টি দল রাউন্ড রবীন লিগ পদ্ধতিতে এবারের প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে অংশ নেয়।
