পেসার ডেল স্টেইনের চার উইকেট দখলের পর হাশিম আমলা ও ওপেনার গ্রায়েম স্মিথের ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকাল শনিবার সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।
স্টেইনের দাপটে অস্ট্রেলিয়া ৪৫ রানে ছয় উইকেট খোয়ানোর বিপর্যয় থেকে বেরিয়ে এলেও শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ১৬৩ রানের বেশি তুলতে পারেনি। ফলে পার্থের ওয়াকা গ্রাউন্ডে টেস্টটির প্রথম দিনে টস জয়ী দক্ষিণ আফ্রিকা ২২৫ রানে অলআউট হলেও প্রথম ইনিংসে ৬২ রানে এগিয়ে থাকে। এরপর দ্বিতীয় ইনিংসে অধিনায়ক স্মিথ ও আমলা মিলে দ্বিতীয় উইকেটে ১৭৮ রানের ভাগিদারী গড়লে দক্ষিণ আফ্রিকা দিনের খেলা শেষ করে দুই উইকেটে ২৩০ রান তুলে। সব মিলিয়ে সফরকারীরা ২৯২ রানে এগিয়ে আছে। এখনো খেলার তিনদিন বাকি।
কাল অনেকটা ওয়ানডে মেজাজে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। হাশিম আমলা ৯৯ রানে উইকেটে অপরাজিত আছেন। ১৮তম টেস্ট সেঞ্চুরি থেকে আমলা আর এক রান দূরে। আমলাকে সঙ্গ দিচ্ছেন জ্যাক ক্যালিস ১৭ রানে। স্মিথের দল কাল ২৮ রানেই আলভিরো পিটারসেনকে (২৩) হারায়। অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিশেল জনসন পিটারসেনের উইকেটটি নেন।
অধিনায়ক স্মিথ (৮৪) এরপর আমলার সাথে দ্বিতীয় উইকেটে হাল ধরলেও মিশেল স্টার্কের শিকারে পরিণত হন। স্মিথের ১০০ বলের ইনিংসে ছিল ১৩টি চারের মার, ওয়ানডে মেজাজে ব্যাটিং করেছেন আমলাও। অপরদিকে ঝড়ো ব্যাট চালিয়ে ৮৪ বলে ৯৯ রানে অপরাজিত আছেন আমলা। এ পর্যন্ত আসতে দশটি চার হাঁকান তিনি।
প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ১২ ও নাইটওয়াচম্যান নাথান লিয়ন সাত রানে অপরাজিত ছিলেন। ওয়ার্নার কাল আর এক রান যোগ করে আউট হন। লিয়ন কোন রান যোগ করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন ও ভেরনন ফিল্যান্ডার ও বাঁ-হাতি স্পিনার রবিন পিটারসন সুবিধা করতে দেননি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের। শেন ওয়াটসন ১০, রিকি পন্টিং ৪, মাইকেল ক্লার্ক ৫ ও মাইক হাসি ১২ রানে ফেরেন। উইকেট রক্ষক ম্যাথু ওয়েড ৬৮ এবং জন হেস্টিংস ৩২ রানে ফেরেন। ওয়েড সাতটি চার ও তিনটি ছয়ে ইনিংসটি সাজান।
প্রোটিয়াস পেসার ডেল স্টেইন ৪০ রানে চারটি ও আরেক পেসার ফিল্যান্ডার তুলে নেন দুই উইকেট ৫৫ রানে। বাঁ-হাতি স্পিনার রবিন পিটারসন ৪৪ রানে তিন উইকেট তুলে নেন।
সংক্ষিপ্ত স্কোর
টসঃ দক্ষিণ আফ্রিকা (দ্বিতীয় দিন শেষে)
দক্ষিণ আফ্রিকাঃ ২২৫ ও ৩৮ ওভারে ২৩০/২ (আমলা ৯৯*, স্মিথ ৮৪, পিটারসেন ২৩, ক্যালিস ১৭*; জনসন ১/৩৫, স্টার্ক ১/৭৬)।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসঃ ৫৩.১ ওভারে ১৬৩/১০ (ওয়েড ৬৮, হেস্টিংস ৩২, ওয়ার্নার ১৩, হাসি ১২, ওয়াটসন ১০; স্টেইন ৪/৪০,পিটারসন ৩/৪৪, ফিল্যান্ডার ২/৫৫, মরনে মরকেল ১/১৯)।
