মিলানের জয়ের ধারা অব্যাহত

আপডেট : ০১ ডিসেম্বর ২০১২, ২১:৩১
পিছিয়ে পড়েও স্টিফেন এল শারাওয়ের জোড়া গোলে ভর করে এসি মিলান গত শুক্রবার ইটালির সিরিএ-তে ৩-১ গোলে হারায় স্বাগতিক ক্যাটানিয়াকে। গত সপ্তাহে চ্যাম্পিয়ন জুভেন্টাসকে হারানোর ধারাবাহিকতা বজায় রাখতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াতে হয় ইটালির জায়ান্ট দলটিকে। অবশ্য ক্যাটানিয়া দশজনের দলে পরিণত হওয়াতে দলটিকে হারাতে সক্ষম হল মিলান। মিলান ১৫ রাউন্ডের খেলা শেষে পয়েন্ট টেবিলের সাতে অবস্থান করছে। তাদের অর্জন ২১ পয়েন্ট। জুভেন্টাস আছে সবার শীর্ষে। আজ রবিবার ইন্টার-মিলান মুখোমুখি হবে পালেরমোর। ক্যাটানিয়া ম্যাচের ১১ মিনিটে সাবেক মিলান ডিফেন্ডার নিকোলা লেটো-গ্রাগলির হেড থেকে গোল পেয়ে যায়। ম্যাচের দ্বিতীয়ার্ধে মিলান ঘুরে দাঁড়ায়। ম্যাচের ৫৩ মিনিটে শারাওয়ে দলের পক্ষে প্রথম গোলটি করেন। এর তিন মিনিট পরই কেভিন প্রিন্স বোয়েটাং মিলানকে এগিয়ে দেন ২-১ গোলে। ম্যাচের অন্তিম মুহূর্তে ব্যবধান আরো বাড়িয়ে দেন শারাওয়ে (৩-১)। ক্যাটানিয়া দশজনের দলে পরিণত হয় যখন পাবলো ব্যারিয়েন্টোস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। মিলানের বোয়েটাংও অবশ্য লাল নিয়ে মাঠ ছেড়েছিলেন অবশ্য ৮৫ মিনিটে। সিরিএ-তে ১২ গোল করে গোল-দাতাদের তালিকায় শীর্ষে শারাওয়ে। এই ম্যাচে শারাওয়ের প্রথম গোলটি অফ সাইড ছিল বলে দাবি করেছিল ক্যাটানিয়ার খেলোয়াড়রা। মিলান কোচ মাসিমিলিয়ানো আলেগরি বলেন, ‘এল শারাওয়ের প্রথম গোলটি অফ সাইড ছিল। সহজেই দেখা গেছে। ক্যাটানিয়ার জন্য কঠিন ছিল। তারা সত্যিই ভাল খেলেছে।’ মিলান ১৯৬৩ সালের পর ক্যাটানিয়ায় হারেনি।