সাফল্যে ‘যুক্তরাষ্ট্র’ মিশন শেষ হলো বেকহ্যামের

আপডেট : ০২ ডিসেম্বর ২০১২, ২০:০৫
আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার দল এলএ গ্যালাক্সির হয়ে এটাই তার শেষ ম্যাচ। আর শেষ ম্যাচটা রাজকীয় হল বেকহ্যামের জন্য। এমএলএস কাপ ফাইনালে শনিবার হাউস্টোন ডাইনামোকে ৩-১ গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মত মেজর লীগ সকার শিরোপা জিতেছে এল এ গ্যালাক্সি। আর এই শিরোপার মাধ্যমে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম এল এ গ্যালাক্সির সাথে তার সম্পর্কের অবসান ঘটিয়েছেন। মধ্য বিরতির এক মিনিট আগে কালেন কার হাউস্টোনকে এগিয়ে দিলে এল এ পিছিয়ে থেকে শেষ পর্যন্ত খেলায় ফিরে আসে। দ্বিতীয়ার্ধে ম্যাচের পুরো নিয়ন্ত্রণই ছিল গ্যালাক্সির কাছে। ম্যাচের ঘণ্টাখানেকের মধ্যে ডিফেন্ডার ওমর গঞ্জালেস সমতা ফেরান। এর পাঁচ মিনিট পরে ৬৫ মিনিটে ল্যান্ডন ডোনোভান পেনাল্টি থেকে গ্যালাক্সিকে এগিয়ে দেন। এরপর স্ট্রাইকার রবি কিয়ান ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে আরেকটি পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান। এর আগে দুইবার গোলের প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত হাইস্টোন গোলরক্ষক ট্যালি হলকে পরাস্ত করতে সক্ষম হন কিয়ান। এই ম্যাচটি ছিল গ্যালাক্সির হয়ে গত ছয়টি মৌসুম কাটানো ইংলিশ তারকা ডেভিড বেকহ্যামের যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে শেষ ম্যাচ। একেবারে শেষ মুহূর্তে বেকহ্যামকে যখন বদল করা হয় তখন ক্যালিফোর্নিয়ার দ্যা হোম ডিপোর্ট সেন্টারের দর্শকরা দাঁড়িয়ে এই তারকাকে সম্মান জানান। এরপর ম্যাচ শেষে বেকহ্যাম তার বাচ্চাদের নিয়ে মাঠে প্রবেশ করেন। নিজের এই বিদায়বেলায় বেকহ্যাম গ্যালাক্সির হয়ে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রশংসাই করে গেছেন। তিনি বলেন, ‘আমি এখানেই আমার ‘যুক্তরাষ্ট্র মিশন’ এর অবসান ঘটাচ্ছি। এটা আমার জন্য অত্যন্ত অসাধারণ একটি জায়গা ছিল এবং সবসময়ই থাকবে।’ এই শিরোপার মাধ্যমে বেকহ্যামের ক্যারিয়ার শেষের ম্যাচটা সাফল্যের সাথেই আরেকবার শেষ হলো। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লীগ ও রিয়াল মাদ্রিদের হয়ে স্প্যানিশ লীগের শিরোপা জয়ের মাধ্যমেই তিনি সেখানকার ক্লাব ফুটবলের ক্যারিয়ার শেষ করেছিলেন। আর এবার গ্যালাক্সির হয়ে শিরোপা জয়ের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের ক্যারিয়ারের ইতি টানলেন। এই নিয়ে গ্যালাক্সি চতুর্থবারের মত এমএলস শিরোপা জয় করলো। আর এর ফলে তারা ডি.সি.ইউনাইটেডের সাথে সমান সংখ্যক শিরোপার মালিক হলো। শিরোপা জয়ের পরপরই এই সপ্তাহেই বেকহ্যামের বদলি হিসেবে ক্লাবে আরেক বড় ফুটবল তারকার অন্তর্ভুক্তির ইঙ্গিত দিয়েছে গ্যালাক্সি। আর এবার তাদের লক্ষ্য ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাকা বলে ক্লাব সূত্রে জানা গেছে।