সামরিক জাদুঘরে মুক্তিযুদ্ধের ভিডিও ও স্থিরচিত্র প্রদর্শনী

আপডেট : ০২ ডিসেম্বর ২০১২, ২১:১২
মহান বিজয় দিবস কুচকাওয়াজ ২০১২ উপলক্ষে ‘বিজয় থেকে বিজয়ে’ শীর্ষক অনুষ্ঠানমালার অংশ হিসাবে গতকাল রবিবার ঢাকার বিজয় সরণিস্থ সামরিক জাদুঘরে ১৫ দিনব্যাপী মুক্তিযুদ্ধের ভিডিও এবং স্থিরচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব.) এমপি প্রধান অতিথি থেকে এ প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একজন মুক্তিযোদ্ধা হিসাবে এ প্রদর্শনীর উদ্বোধন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আজ এ অনুষ্ঠানে এসে আমার মনে পড়ছে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা, যার নেতৃত্বে আমরা স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। অনুষ্ঠানের শুরুতেই নবম পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী, বীর বিক্রম স্বাগত বক্তব্য প্রদান করেন। প্রদর্শনীতে ১৯৫২ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধভিত্তিক ভিডিওচিত্র এবং প্রায় দুই শতাধিক দুর্লভ স্থিরচিত্র প্রদর্শন করা হচ্ছে। প্রধান অতিথি এবং আমন্ত্রিত অন্য অতিথিগণ প্রদর্শনীতে স্থান পাওয়া ছবিগুলো ঘুরে ঘুরে দেখেন। এবারের বিজয় দিবস উদযাপনে সাধারণ জনগণকে অধিকতর সম্পৃক্ত করার লক্ষ্যে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যা আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল জহির উদ্দিন আহমেদ, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল ষ্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল আবদুল ওয়াদুদসহ মিডিয়া প্রতিনিধি, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ বছর ১৬ ডিসেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবস কুচকাওয়াজ-২০১২ অত্যন্ত জাঁকজমক ও আড়ম্বরপূর্ণভাবে পালন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার ‘বিজয় থেকে বিজয়ে’ শিরোনামে একটি স্মারক (লোগো) উন্মোচন করা হয়। -আইএসপিআর