নগর সংস্কৃতি

হরিপ্রসাদ চৌরাশিয়ার বাঁশির মাদকতা

আপডেট : ০২ ডিসেম্বর ২০১২, ২১:২৭
উচ্চাঙ্গ সঙ্গীত উত্সবের শেষদিনে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়ার বাঁশির সুর মাদকতা ছড়ালো শ্রোতার হূদয়ে। গতকাল রবিবার ছিল উত্সবের শেষ। সন্ধ্যা ছয়টা থেকে মধ্যরাত পর্যন্ত চলে আয়োজন। বাংলাদেশের সবচেয়ে বড় শাস্ত্রীয় সঙ্গীতের আসর বসেছিল রাজধানীর আর্মি স্টেডিয়ামে। বেঙ্গল ফাউন্ডেশন ও ভারতের সঙ্গীত রিসার্চ একাডেমীর যৌথ উদ্যোগে আয়োজিত এ আসর সারাদেশের সঙ্গীত পিপাসুদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছিল। দেশে শাস্ত্রীয় সঙ্গীতের বিকাশে নিঃসন্দেহে বড় পদক্ষেপ। সারাদেশের সঙ্গীতপ্রেমী শ্রোতা ভিড় জমিয়েছিলেন এখানে। আর্মি স্টেডিয়াম হয়ে উঠেছিল সঙ্গীত শিল্পী, শ্রোতা ও কলাকুশলীদের মিলনমেলা। গতকালের আয়োজন উত্সর্গ করা হয়েছিল ওস্তাদ আলী আকবর খাঁর স্মরণে। শেষ দিনে সেতারবাদন পরিবেশন করেন আলিফ লায়লা, রাগসঙ্গীত পরিবেশন করেন ব্রজেশ্বর মুখোপাধ্যায়, বাংলাদেশের মুর্তজা কবীর বাঁশি বাজিয়ে শোনান। অরুণা সায়েরাম রাগসঙ্গীত, ভরতনাট্যম নৃত্য পরিবেশন করেন আলারমেল ভালি। রাগপণ্ডিত রাজন মিশ্র ও পণ্ডিত সজন মিশ্র রাগ সঙ্গীত পরিবেশন করেন। সবশেষে মঞ্চে আসেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া। শেষদিনের মূল আকর্ষণ তিনি। আবিদা সুলতানার সঙ্গীত সন্ধ্যা জনপ্রিয় সঙ্গীতশিল্পী আবিদা সুলতানার একক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হলো গতকাল। রবিবার সন্ধ্যায় শিল্পী তার জনপ্রিয় সব গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করলেন। সাংস্কৃতিক সংগঠন ‘আমরা সূর্যমুখী’র ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় জাদুঘর প্রধান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক, সৈয়দ শামসুল হক, ব্যারিস্টার আমিরুল ইসলাম, সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী।