ঢাকায় এশিয়া প্যাসিফিক স্কাউট সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ০২ ডিসেম্বর ২০১২, ২১:২৮
নেতৃত্ব ও সেবার অনন্য এক মহাসম্মিলন অনুষ্ঠিত হয়ে গেল ঢাকায়। মানবতার সেবায় মানুষকে উজ্জীবিত ও সংগঠিত করার উপায় নিয়ে আলোচনা হয়েছে সেখানে। বিনিময় হয়েছে নানা দেশের অভিজ্ঞতা। ধর্ম-বর্ণ নির্বিশেষে হরেক জাতির প্রতিনিধি অভিন্ন চেতনায় সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে কথা বলছেন এক প্লাটফরমে দাঁড়িয়ে। এতে অংশগ্রহণ করেন ৪০টি দেশের প্রতিনিধিগণ। ‘২৪তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউটস কনফারেন্স’ নামের ৬ দিনব্যাপী এ সম্মিলন সম্প্রতি অনুষ্ঠিত হয় রাজধানীর শেরে বাংলানগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। ইত্তেফাক প্রতিনিধির সঙ্গে আলাপকালে বিশ্ব স্কাউট কমিটির সদস্য ও এশিয়া-প্যাসিফিক কমিটির সাবেক চেয়ারম্যান এরিক খো বলেন, এটা নি:সন্দেহে এক অসাধারণ অভিজ্ঞতা। দারুণ আয়োজন করেছেন আমাদের সতীর্থরা। কোনো খুঁত নেই। এখানকার স্কাউট সদস্যদের মধ্যে নেতৃত্ব এবং সেবার অপূর্ব গুণের সমাবেশ রয়েছে। বাংলাদেশের মানুষ দারুণ অতিথিপরায়ণও বটে। আর এখানকার প্রকৃতিও অসাধারণ। আঞ্চলিক স্কাউট সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্ববাসীর কাছে নতুনরূপে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেন তিনি। সম্মেলনের প্রচার ও প্রকাশনা বিষয়ক উপকমিটির আহবায়ক আমিনুর রহমান জানালেন, আঞ্চলিক এই স্কাউট কনফারেন্সে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৬টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেন। এছাড়া অতিথি প্রতিনিধি হিসাবে সম্মেলনে যোগ দেন মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স ও ফিনল্যান্ডের স্কাউট নেতৃবৃন্দ। সম্মেলন আয়োজক কমিটির চেয়ারম্যান হাবিবুল আলম বীর প্রতীক জানালেন, বড় ধরনের আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের ক্ষেত্রে বাংলাদেশের মানুষের পারঙ্গমতার একটি দৃষ্টান্ত হয়ে রইল এটি। সম্মেলনের রিসিপশন কমিটির আহবায়ক আফজাল হোসেন বললেন, বিশ্বের তরুণ সমাজকে শারীরিক, মানসিক ও মৌলিক গুণাবলী সমৃদ্ধ করে গড়ে তুলতে বিশ্বজুড়ে কাজ করে যাচ্ছে স্কাউট আন্দোলন।