গৃহকর্মী হত্যা ও নির্যাতন, র্যাব কর্মকর্তাসহ গ্রেফতার ৩

আপডেট : ০২ ডিসেম্বর ২০১২, ২১:২৯
রাজধানীর আজিমপুর এলাকায় গলিবুল্ল¬াহ ওরফে সাকিব (১০) নামে এক শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গৃহকর্তা জুবায়ের নবী ও তার ভগ্নিপতি নূরুজ্জামানকে পুলিশ গ্রেফতার করেছে। লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অন্যদিকে মিরপুরে মাফিয়া (১০) নামে এক গৃহকর্মী নির্যাতনের অভিযোগে র্যাবের এসআই আবুল বাশারকে পুলিশ গ্রেফতার করেছে। গৃহকর্তা জোবায়ের নবী জানান, আজিমপুরের ১২৮ নম্বর চায়না বিল্ডিংয়ের চতুর্থ তলায় তারা ভাড়া থাকেন। আর নিউমার্কেটে তার একটি দোকান রয়েছে। ঐ দোকানের পাশের দর্জি রবিউল দেড় বছর আগে সাকিবকে কাজের জন্য দিয়ে যান। রবিবার সকালের দিকে তার স্ত্রী ফারজানা ইসলাম লিজা ফোন করে জানান, সাকিব কোনো কথা বলছে না। ফোন পেয়ে তিনি দ্রুত বাসায় যান। বাসা থেকে সাকিবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিত্সক দুপুরে তাকে মৃত ঘোষণা করেন। লালবাগ থানায় হত্যা মামলা হয়েছে। এদিকে মিরপুর এলাকায় মাফিয়া (১০) নামে এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে আবুল বাশার নামে এক র্যাব কর্মকর্তাকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার রাতে বাশারকে মিরপুর পাইকপাড়ার সরকারি স্টাফ কোয়ার্টার থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। তার স্ত্রী পলাতক রয়েছে বলে মিরপুর থানার এসআই মিজানুর জানিয়েছেন।