মিরপুরে মুক্তিযোদ্ধার জমি বেদখল নিরাপত্তাহীনতায় পরিবার

আপডেট : ০২ ডিসেম্বর ২০১২, ২১:৩০
রাজধানীর পল্লবী এলাকার পলাশ নগরে মোস্তফা কামাল নামে এক মুক্তিযোদ্ধার জমি দখল করে নিয়েছে একদল সন্ত্রাসী। ফলে মুক্তিযোদ্ধার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। দখলকৃত জমি উদ্ধারে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। ভুক্তভোগী মোস্তফা কামাল ইত্তেফাককে বলেন, ১৯৯৫ সালে তিনি জনৈক হামিদ মিয়ার কাছ থেকে সেনপাড়া পর্বতা মৌজার সিএস এবং এসএ দাগ নং ১২৮, ১৬ শতাংশ জমি ক্রয় করে তা দীর্ঘদিন যাবত্ ভোগদখল করে আসছেন। জমির চারদিকে বাউন্ডারি করে ইতিমধ্যেই জমিতে একটি সাইন বোর্ডও স্থাপন করেন। জমিটি তার নামে জমা ভাগ ও নামজারি সম্পন্ন করেন। স্থানীয় ফারুক আহমেদ সমপ্রতি তার লোকজন নিয়ে জমি দখল করে তাতে মাটি ভরাট করতে থাকেন। এ ব্যাপারে পল্লবী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ দুই জনকে আটক করে পরে ছেড়ে দেয়। ইতিমধ্যে নিরাপত্তা চেয়ে থানায় একাধিক জিডি এন্ট্রি করা হয়েছে। পুলিশ একাধিক নোটিস করে ফারুক গংদের থানায় ডাকলেও তারা সাড়া দিচ্ছে না। বরং সন্ত্রাসী চক্রটি নানাভাবে হুমকি দিয়ে বেড়াচ্ছে।