মাহিন্দা রাজাপাকসে ফুটবল

বাংলাদেশ ও পাকিস্তান আজ শ্রীলংকায় মুখোমুখি

আপডেট : ০২ ডিসেম্বর ২০১২, ২১:৫৭
বাংলাদেশ আজ সোমবার মাহিন্দা রাজাপাকসে অনূর্ধ্ব-২৩ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে। বাংলাদেশ সময় বিকাল ২টা ৩০ মিনিটে শ্রীলংকার ক্যান্ডির জায়ালিথা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে খেলাটি। শ্রীলংকার রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপাকসের নামে এ টুর্নামেন্টটি চালু করা হয়েছে। চারজাতি এই টুর্নামেন্টের প্রথম দিনে আজ আরো একটি ম্যাচে অংশ নেবে স্বাগতিক শ্রীলংকা ও তাদের পড়শী মালদ্বীপ। বাংলাদেশের দলটির কোচ সাইফুল বারী টিটু বলেন, ‘সোমবার (আজ) টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দলই খেলবে। তাই প্রত্যেকের সক্ষমতা ও দুর্বলতা সম্পর্কে জানা যাবে।’ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যেকার খেলাটি আগে শ্রীলংকা ও মালদ্বীপ মাঠে নামবে। তাই প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে ধারণা পাবেন কোচ টিটু। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সূত্রে জানা গেছে, প্রতিপক্ষ পাকিস্তান সম্পর্কে টিটো বলেন, ‘তারা (পাকিস্তান) সব সময় আমাদের বিরুদ্ধে সেরা খেলাটাই খেলে থাকে। তাই তাদের খাটো করে দেখার কোনো কারণ নেই। এ টুর্নামেন্টেও পাকিস্তান অন্যতম শক্তিশালী দল।’ নিজেদের খেলাটিকে সামনে রেখে বাংলাদেশের যুবারা গতকাল বিকালে অনুশীলন করেছে। বাফুফে সূত্রে জানা গেছে, খেলোয়াড়রা সবাই সুস্থ রয়েছেন এবং কোনো ইনজুরি নেই। কোচ নিজেও এ খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ খেলায় আমাদের খেলোয়াড়দের মানসিক অবস্থার উন্নতি হয়েছে। দলের টিম স্পিরিটও ভালো।’ এদিকে শ্রীলংকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পাকিস্তান জাতীয় দলের সার্বিয়ান কোচ সাহ বলেন, ‘আমরা আজই (গতকাল) এখানে পৌঁছেছি। সিঙ্গাপুর জাতীয় দল ও অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে দু’টি প্রীতি ম্যাচ খেলেছি। ওই ম্যাচ দু’টিতে হারলেও সেখানকার অভিজ্ঞতা অনেক কাজে লাগবে এখানে। অনূর্ধ্ব-২৩ দলেও সিনিয়র জাতীয় দলের সাত থেকে আটজন খেলোয়াড় রয়েছে।’ উল্লেখ্য, পাকিস্তান গত বছর বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে বাংলাদেশের কাছে হেরেছিল।