পার্থ টেস্ট

স্বাগতিকদের ৬৩২ রানের টার্গেট দিল প্রোটিয়াসরা

আপডেট : ০২ ডিসেম্বর ২০১২, ২১:৫৮
দক্ষিণ আফ্রিকা গতকাল রবিবার তৃতীয় দিনেও পার্থ টেস্টে প্রাধান্য অব্যাহত রেখে অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ৬৩২ রানের দুরূহ এক টার্গেট দিয়েছে। এ সংগ্রহের তাড়ায় স্বাগতিকরা ধৈর্যের সাথে খেলে স্ট্যাম্প তোলার আগে কোন উইকেট না হারিয়ে ৪০ রান করে। হাশিম আমলা এদিন মাত্র চার রানের জন্য ডাবল সেঞ্চুরি বঞ্চিত হন। তবে দক্ষিণ আফ্রিকা চা বিরতির দেড় ঘন্টা আগে ৫৬৯ রানে দ্বিতীয় ইনিংস শেষ করার আগে সেঞ্চুরি হাঁকান এভি ডি ভিলিয়ার্স। দিনটি মুলত আমলা ও ডি ভিলিয়ার্সের দখলেই ছিল। পার্থের ওয়াকা গ্রাউন্ডে আমলার ১৯৬ রানই হলো কোন দক্ষিণ আফ্রিকানের টেস্টে সর্বোচ্চ সংগ্রহ। অপরদিকে ডি ভিলিয়ার্স দারুণ খেলে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে নিজের প্রথম টেস্ট শতকটি হাঁকান। মার্ক বাউচারের অবসরের পর থেকে এ দায়িত্ব পালন করছিলেন তিনি। মাঝের সময়ে তিনি একটা অর্ধশতকও হাঁকাতে পারেননি। অথচ এদিন কি অবলীলায় ১৩১ বলের বিপরীতে ১৭টি চার ও একটি ছয়ের মারে সেঞ্চুরির দেখা পান ডিভিলিয়ার্স। সফরকারীরা এদিন মাঠে নামে আগের সঞ্চয় ২/২৩০ নিয়ে। এরপর আমলা ও ডি ভিলিয়ার্স উভয়েই দিনভর দাপুটে ব্যাটিং চালিয়ে অজি বোলারদের ঠেকিয়ে রাখেন। প্রথম ঘন্টায় দু’জনে রান তোলেন ৫৬টি। ক্যালিস চটজলদিই বিদায় নেন। তখন দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩/২৮৭। আমলা এর আগে তার ১৮তম সেঞ্চুরির দেখা পান ৮৭ বল খেলে। দিনের প্রথম ওভারেই জনসনের বলে ফ্লিক করে তিন অংকের ঘরে পৌঁছে যান আমলা। যদিও তিনি ২২১ বলে ২১টি চারের মারে ডাবল সেঞ্চুরি থেকে চার রান আগে থেমে যান। এর আগে ওপেনারটি ডি ভিলিয়ার্সের সাথে মিলে ৩৬.২ ওভারে ১৪৯ রান যোগ করেন। অজি বোলারদের মধ্যে মিশেল স্টার্ক ১৫৪ রানে ছয়টি এবং মিচেল জনসন ১১০ রানে চার উইকেট দখল করেন। এরপর শেষ বিকালে ডেভিড ওয়ার্নার ও এড কাওয়ান দক্ষিণ আফ্রিকান বোলারদের রুখে দিয়ে ব্যাট চালিয়ে যান। ওয়ার্নার পাঁচ বাউন্ডারির মারে ২৯ এবং কাওয়ান নয় রান করে ক্রীজে অপরাজিত থাকেন। ডেল স্টেইন ও ভার্নন ফিল্যান্ডার ভাল বল ছুঁড়েও এদের আউট করতে পারেননি। এদিকে পিচ প্রাণহীন হয়ে পড়ায় আজ সোমবার সফরকারী বোলারদের সাফল্যের জন্য বাড়তি খাটুনির প্রয়োজন হবে। অস্ট্রেলিয়া যদি টেস্ট র্যাংকিংয়ের শীর্ষ থেকে দক্ষিণ আফ্রিকাকে হঠাতে চায় তাহলে পার্থে জিততেই হবে। কিন্তু সেজন্য যে পরিমাণ ব্যাটিং জাদুর প্রয়োজন হবে তা স্বাগতিকরা করে দেখাতে পারে কিনা তাই এখন দেখার বিষয়। সংক্ষিপ্ত স্কোর দক্ষিণ আফ্রিকা: ২২৫ ও ৫৬৯ (আমলা ১৯৬, এভি ডিভিলিয়ার্স ১৬৯, স্মিথ ৮৪, ফ্লাপ ডু প্লেসিস ২৭, পিটারসেন ২৩, ক্যালিস ৩৭; জনসন ১/৩৫, স্টার্ক ৬/১৫৪, জনসন ৪/১১০)। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১৬৩/১০ ও ২য় ইনিংস ৪০/০ (কাওয়ান অপরাজিত ৯, ওয়ার্নার ২৯)।