জয়পুরহাট, ঝিনাইদহ ও পটুয়াখালী অগ্রণী ব্যাংক ২৩তম জাতীয় যুব হকি প্রতিযোগিতায় নিজ নিজ খেলায় জিতেছে। গতকাল রবিবার দিনের প্রথম খেলায় জয়পুরহাট ৫-০ গোলে নওগাঁকে হারায়। জয়ী দলের মার্জান দুইটি এবং হাসান, মুনিম ও রুহুল একটি করে গোল করেন। দ্বিতীয় খেলায় ঝিনাইদহ ৫-১ গোলে মুন্সিগঞ্জকে হারায়। ঝিনাইদহের মেরাজ দুইটি এবং টিপু, শাহীন ও সানি একটি করে গোল দেন। মুন্সিগঞ্জের সান্ত্বনার গোলটি করেন আক্তার। তৃতীয় ম্যাচে রংপুর ওয়াকওভার দেয়ায় পটুয়াখালী জেলাকে ২-০ গোলে জয়ী ঘোষণা করা হয়। দিনের অবশিষ্ট খেলায় কিশোরগঞ্জ জেলা ৩-৩ গোলে পঞ্চগড়ের সঙ্গে ড্র করে। কিশোরগঞ্জের মামুন, ফারুক ও কায়সার একটি করে গোল করেন। অন্যদিকে পঞ্চগড়ের কৃষ্ণা, নাজমুল ও দুলাল একটি করে গোল করেন।
