টি-শার্টের পেছনে বড় বড় করে লেখা ANAMUL. উচ্চারণরীতি মানলে শব্দটা ‘আনামুল’ই হওয়ার কথা। কিন্তু আসলে নাম তার এনামুল হক! নিজেই বেশ আগে এই প্রতিবেদকের কাছে বলেছিলেন, এটা একটা ভুল হয়ে গেছে। কিন্তু বাংলাটা এনামুলই লিখলে তিনি খুশী হন। গতকাল ছেলের সেঞ্চুরির পর প্রতিক্রিয়া দিতে গিয়ে একই দাবি করলেন তার বাবা জামিল মিয়া। তিনি বললেন, ‘আমার ছেলের নাম এনামুল হক; আনামুল নয়।’ শুধু এই তথ্যটা জানানো নয়। জামিল মিয়া আনন্দের এই সময়ে আকুতি নিয়ে বললেন, ‘ছেলেটার নাম বড় শখ করে এনামুল রেখেছি। সেটা ভুল করে লেখা হলে আমাদের কষ্ট লাগে। আপনাদের কাছে অনুরোধ, নামটা এনামুল লিখবেন। ওর নিজের প্রিয় নাম বিজয়; সেটা লিখলেও ক্ষতি নেই।’
গতকাল সংবাদ সম্মেলনে বিজয় নিজেও সেই কথা আবার বললেন। জানালেন, বাংলায় তার নামের উচ্চারণ অবশ্যই এনামুল হক। এনামুলের নামের এই বিকৃতির দায় নিতে রাজী নয় বিসিবিও। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমান যেমন বললেন, ‘আমরা তো বাংলায় আনামুল নামটা কোথাও প্রচার করিনি। ইংরেজীতে ওর পাসপোর্ট নামটা যেমন আছে, জার্সিতে তাই লেখা হয়। বাংলায় নামটা এভাবে লেখাটার পেছনে বিসিবির কোনো ভূমিকা নেই।’ বাংলাদেশের ক্রিকেটে ইতিমধ্যে দু’জন এনামুল হক আছেন। তাহলে আমরা তৃতীয় এনামুলকে পেয়েই গেলাম।
