বিদেশে গোয়েন্দা বাড়াবে পেন্টাগন

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১২, ২০:০৬
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধির অংশ হিসেবে বিদেশে অতিরিক্ত কয়েকশ’ গুপ্তচর পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। অজ্ঞাতনামা মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্টের খবরে শনিবার বিদেশে গোয়েন্দা তত্পরতা বাড়ানোর এ তথ্য জানানো হয়েছে। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থাকে (ডিআইএ) ঢেলে সাজানোরও পরিকল্পনা নিয়েছে পেন্টাগন। গত দশকে ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ সংক্রান্ত তথ্য সংগ্রহের সময় প্রাথমিকভাবে ডিআইএকে ঢেলে সাজানোর ওপর জোর দেয়া হয়েছিল। গোয়েন্দা সংখ্যা বাড়ানোর এ প্রক্রিয়া সম্পন্ন হলে সারাবিশ্বে ডিআইএ’র সদস্য সংখ্যা হবে কমপক্ষে এক হাজার ছয়শ’ জন যা সংস্থাটির জন্য একটা বড় ধরনের অগ্রগতি। এর আগে গত কয়েক বছরের মধ্যে বিদেশে ডিআইএ’র সদস্য সংখ্যা তিন ডিজিট ছাড়ায়নি। খবরে বলা হয়, বিদেশে কর্মরত সামরিক অ্যাটাশে এবং যারা গোয়েন্দা কার্যক্রমের সঙ্গে জড়িত নয় তাদের নামও এ তালিকায় অন্তর্ভুক্ত থাকবে।