নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বোর্নো রাজ্যে ১০ খ্রীষ্টান নাগরিককে গলা কেটে হত্যা করা হয়েছে। সশস্ত্র গ্রুপ বোকো হারামের সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। রবিবার ওই রাজ্যের চিবুক গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। হামলা থেকে বেঁচে যাওয়া নুহু ক্লার্ক নামে এক ব্যক্তি বলেন, রাতের আঁধারে বোকো হারামের সদস্যরা গ্রামের কয়েকটি বাড়িতে প্রথমে আগুন ধরিয়ে দেয়। এরপর ১০ জনকে তারা একের পর এক গলা কেটে হত্যা করে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় সরকারের এক কর্মকর্তা বলেন, হামলাকারীরা রাত ৯টার দিকে ওই প্রত্যন্ত গ্রামে আসে। এ সময় তারা ‘আল্লাহ হু আকবর’ বলে শ্লোগান দিতে থাকে। তিনি বলেন, এ থেকে আমরা ধারণা করছি যে, এ এলাকায় শক্ত ঘাঁটি স্থাপন করে থাকা ইসলামি বোকো হারামের সদস্যরাই এ ঘটনা ঘটিয়েছে। তারা খ্রীষ্টানদের টার্গেট করে নির্দিষ্ট কিছু বাড়িতে হামলা চালায় এবং কসাইয়ের মতো মানুষগুলোকে নির্মমভাবে হত্যা করে। পুলিশের এক মুখপাত্র জানান, তারা ঘটনা সম্পর্কে অবগত হয়েছেন এবং এর পিছনে কারা জড়িত তা বের করার চেষ্টা করা হচ্ছে।
