রাজশাহী পুলিশ একাডেমীর শতবর্ষপূর্তিতে তিন দিনের বর্ণাঢ্য আয়োজন

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১২, ২০:২৫
বাংলদেশ পুলিশ একাডেমী সারদা, রাজশাহীর ১০০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ৬, ৭ ও ৮ ডিসেম্বর রাজশাহীর পুলিশ একাডেমীতে করা হয়েছে এই অনুষ্ঠানের আয়োজন। এই অনুষ্ঠানের শিরোনাম দেওয়া হয়েছে ‘স্বর্ণপ্রভায় শতবর্ষ’। অনুষ্ঠানে অংশ নেবেন উপমহাদেশ খ্যাত শিল্পী রুনা লায়লা, সুবীর নন্দী, কুমার বিশ্বজিত্, ফেরদৌস ওয়াহিদ, মমতাজ, মেহরীন, আঁখি আলমগীর, পলাশ, শাহনাজ বেলী ও মডেল-অভিনেত্রী শখ। অনুষ্ঠানের আয়োজন প্রসঙ্গে আয়োজকদের অন্যতম একজন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অ্যাডিশনাল পুলিশ কমিশনার মিলি বিশ্বাস বিনোদন প্রতিদিনকে বলেন, ‘আমরা এই উত্সবকে কেন্দ্র করে শুধু গান নয়, পুরো আয়োজনটা স্মরণীয় করে রাখতে নানা রকম আয়োজন করেছি। তিন দিনের বর্ণাঢ্য আয়োজনে শুধু গান নয়, পুলিশের নানান ঐতিহ্য নিয়ে নানা ধরনের কার্যক্রম হাতে নেয়া হয়েছে। কারণ শতবর্ষপূর্তি অনেক বড় ঘটনা। আমরা চাই পুরো বিষয়টি একটি ইতিবাচক ইমেজে সাধারন মানুষের কাছে পৌঁছে দেওয়া। তিনদিনের আয়োজনের শেষদিনের পুরো অনুষ্ঠান পাইলট স্কুল মাঠে আমরা সর্বসাধারণের জন্য রেখেছি।’ এই বর্ণাঢ্য অনুষ্ঠানের সহযোগিতায় থাকছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, মিডিয়া পার্টনার আরটিভি, প্রিন্ট পার্টনার দৈনিক ইত্তেফাক, রেডিও পার্টনার রেডিও টুডে।