বাংলা একাডেমীর প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় বক্তারা বলেছেন, বাংলা একাডেমীর প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য আজো বাস্তবায়িত হয়নি। আজো আমরা সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন করতে সক্ষম হইনি। শিক্ষার মাধ্যম হিসেবে বাংলার পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা যেমন হয়নি তেমনি সর্বোচ্চ আদালতে এখনো পর্যন্ত আমরা বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করতে পারিনি। অথচ একুশের প্রেরণাই বাংলা একাডেমীর জন্মবীজ রচনা করেছে। বক্তারা বাংলা একাডেমীর কর্মকাণ্ডের মূল্যায়ন করে বলেন, কেবল ভাষা ও সাহিত্যের প্রতিষ্ঠান হিসেবে বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হলেও কালক্রমে বইমেলার আয়োজনসহ নানা কর্মসূচির মাধ্যমে আজ তা দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও গবেষণার প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে।
আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে গতকাল জাতির মননের প্রতীক বাংলা একাডেমীর ৫৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো। সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণের মধ্যদিয়ে শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান। দিনব্যাপী আয়োজনে ছিল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
একাডেমীর পুরানো প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে ‘বাংলা ভাষা, বাংলা সাহিত্য ও বাংলাদেশ’ শীর্ষক একক বক্তব্য দেন প্রফেসর ইমেরিটাস রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। সভাপতিত্ব করেন একাডেমীর সভাপতি ইমেরিটাস প্রফেসর আনিসুজ্জামান।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সাদী মহম্মদ, শামা রহমান, হায়দার হোসেন, পাগলা বাবলু প্রমুখ। যন্ত্রানুষঙ্গে ছিলেন তবলায় গৌতম মজুমদার, বাঁশিতে গাজী আবদুল হাকিম, বেহালায় আলমাস আলী, কী-বোর্ডে সুমন রেজা খান এবং মন্দিরায় নাজমুল আলম খান।
জয়নুল গ্যালারিতে জামিল আজাদের চিত্র প্রদর্শনী : শিল্পী জামিল আজাদের ‘জীবনের গতি’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে। প্রদর্শনীটির আয়োজন করেছে অনুষদের ছাপচিত্র বিভাগ। গতকাল সোমবার এ প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন চারুকলা অনুষদের ডিন এমদাদুল হক মোহাম্মদ মতলুব আলী, ছাপচিত্র বিভাগের অধ্যাপক শিল্পী আবুল বারক আলভী, অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের প্রধান অধ্যাপক জামালউদ্দিন আহমেদ, গ্রাফিক ডিজাইন বিভাগের প্রধান অধ্যাপক নাঈমা হক, গ্যালারি চিত্রকের নির্বাহী পরিচালক মনিরুজ্জামানসহ আরো অনেকে। ছাপচিত্র বিভাগের প্রধান অধ্যাপক রোকেয়া সুলতানা এতে সভাপতিত্ব করেন।
শিল্পকলায় ‘বক্তাবলী’র সপ্তম মঞ্চায়ন : নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের প্রযোজনায় ও জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় নির্মিত নাটক ‘বক্তাবলী’। সোমবার শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার নাটকটির সপ্তম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জের তরুণ নাট্যকার দিদারুল ইসলাম চঞ্চলের স্মরণে এই প্রদর্শনীর আয়োজন করে শিল্পকলা একাডেমী। নাটকের প্রদর্শনীর আগে অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন নাট্যজন মামুনুর রশীদ, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী প্রমুখ।
চন্দ্রাবতী একাডেমির বিজয় দিবসের অনুষ্ঠানমালা : মহান বিজয় দিবস উপলক্ষে ‘মুক্তির সংগ্রাম’ শীর্ষক সাতদিনের অনুষ্ঠানমালার আয়োজন করেছে চন্দ্রাবতী একাডেমি। অনুষ্ঠানমালার তৃতীয়দিন সোমবার ছিল সেমিনার ও সাংস্কৃতিক। ‘উপনিবেশি বিরোধী আন্দোলন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী।
