উন্নয়নের লক্ষ্যে অংশীদার -এ শ্লোগানকে সামনে রেখে ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপি ভারতীয় পণ্য ও সেবা প্রদর্শনী ইন্ডিয়ান শো। গতকাল সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের এবং ভারতীয় বাণিজ্য সচিব এস আর রাও। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বাংলাদেশের উদার ব্যবসায়িক পরিবেশের সুযোগ নিয়ে ভারতীয় ব্যবসায়ীদের বিনিয়োগ করার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের মত পৃথিবীর কোথাও এমন বিনিয়োগের পরিবেশ নেই। এখানে যে কেউ বিনিয়োগ করে বিনা প্রশ্নে মুনাফা নিয়ে যেতে পারে।
অনুষ্ঠানে ভারতীয় বাণিজ্য সচিব এস আর রাও বলেন, উভয় দেশের প্রধানমন্ত্রীর পারস্পরিক সফরের ফলে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন মোড় নিয়েছে। বাংলাদেশকে এ অঞ্চলের আন্ত:যোগাযোগের মাধ্যম উল্লেখ করে রাও বলেন, এ সুবিধা নিয়ে শুধু ভারতেই নয়, নেপাল এবং ভুটানে বাংলাদেশ পণ্য রপ্তানি বাড়াতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পংকজ শরন, ফিকির প্রেসিডেন্ট আর ভি কানোরিয়া, এফবিসিসিআই প্রেসিডেন্ট কাজী আকরামউদ্দিন আহমেদ, ভারত-বাংলাদেশ চেম্বারের প্রেসিডেন্ট আব্দুল মতলুব আহমেদ বক্তব্য রাখেন।
