শামছুর রহমান শুভ’র সেঞ্চুরিতে তৃতীয় দিনেই বড় জয় তুলে নিয়েছে ঢাকা মেট্রো। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে তারা রংপুর বিভাগকে ৯ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে সিলেটের সাথে তৃতীয় অবস্থানে চলে এসেছে। ৬ ম্যাচে তাদের সংগ্রহ ১৮।
রংপুর প্রথম ইনিংসে ১২৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৬৬ রান তোলে। ফলে জিততে হলে ঢাকার প্রয়োজন দাঁড়ায় মাত্র ১৪৩ রানের। শুভ’ ঝড়ে মেট্রো মাত্র ২৫ ওভারেই জয় তুলে নেয়। ৮৭ বলে ১০৭ রান করা শুভ ১১টি চার ও ৭টি ছয় মেরেছেন। তবে ম্যাচ সেরা হয়েছেন তালহা জোবায়ের। প্রথম ইনিংসে ৮ উইকেটসহ দুই ইনিংস মিলে ১১ উইকেট নিয়েছেন তিনি।
দিনের অন্য তিন ম্যাচে বিকেএসপিতে জয়ের দ্বারপ্রান্তে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী। দিনশেষে সিলেট ১৮৮ রান তোলায় তারা ১৬ রানে এগিয়ে আছে। সিলেটের মাত্র দুই উইকেট ফেলতে পারলে রাজশাহীর জয়ের পথ সহজ হবে। রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে আজ চতুর্থদিনে ঢাকাকে জিততে হলে আরো করতে হবে ৯০ রান। হাতে আছে তিন উইকেট। খুলনা দ্বিতীয় ইনিংসে ইমরুল কায়েসের সেঞ্চুরিতে ২৬৬ রান তোলায় জয়ের জন্য ঢাকার প্রয়োজন হয় ২১১ রানের। দিনশেষে ৫৭ রান করা রনি তালুকদার ও ৩০ রান করা শুভগত হোমকে বিদায় দিলেও উইকেটে রয়েছেন রকিবুল হাসান ও নাদীফ চৌধুরি।
সিলেট বিভাগীয় স্টেডিয়ামে বরিশাল মাত্র ৫ রানে এগিয়ে আছে। ফয়সাল হোসেনের সেঞ্চুরিতে চট্টগ্রাম প্রথম ইনিংসে মাত্র ২৯৬ রানে অলআউট হয়ে যায়। কামরুল ইসলাম রাব্বি নিয়েছেন পাঁচ উইকেট। ৯২ রানে পিছিয়ে থেকে বরিশাল দিনশেষে তিন উইকেটে ৯৭ রান তোলে। ফজলে ২৯ রানে ও জাকারিয়া ৯ রানে অপরাজিত আছেন।
সংক্ষিপ্ত স্কোর: রংপুর ১২৯ ও ২৬৬/৯ (ডিক্লেয়ার) (লিটন ৬২, তারিক ৫২, শুভ ৪২, বাবু ৪৮, তালহা ৩/৬৮, আশরাফুল ২/৩৮, সানি ২/৭৩)। ঢাকা মেট্রো ২৩৫ ও ১৪৭/১ (শামছুর অপরাজিত ১০৭, মেহরাব অপরাজিত ২১, শুভ ১/৩৪)। ম্যান অব দ্য ম্যাচ:তালহা জুবায়ের। ফল: ঢাকা মেট্রো ৯ উইকেটে জয়ী।
