আজ থেকে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ফাইনাল রাউন্ড শুরু হচ্ছে। আর এই রাউন্ডে ডাচ ক্লাব এফসি নর্ডজাল্যান্ডের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সবচেয়ে বেশি চাপে মধ্যে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। কারণ চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এই প্রথমবারের মত কোন শিরোপাজয়ী দলের সামনে নক আউট পর্বের আগেই বিদায় নেবার হুমকির মধ্যে আছে চেলসি।
জুভেন্টাসের বিপক্ষে গত ২০ নভেম্বর ৩-০ গোলে পরাজিত হবার পরে চেলসির শিরোপা ধরে রাখা কঠিন হয়ে যায়। গ্রুপ-ই এর শেষ ম্যাচে তারা ডাচ ক্লাব নর্ডজাল্যান্ডের মুখোমুখি হবে। কিন্তু ঐ ম্যাচে জয়ী হলেও তাদের সংগ্রহ দাঁড়াবে ১০ পয়েন্ট। এদিকে কাল যদি গ্রুপের অপর ম্যাচে ইউক্রেনে স্বাগতিক শাখতার দোনেস্ক ও জুভেন্টাসের মধ্যকার ম্যাচটি ড্রও হয় তবুও এই দুই দলই শীর্ষ দল হিসেবে নক আউট পর্বের যাবার যোগ্যতা অর্জন করবে। পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে ইউক্রেনিয়ান ক্লাব, আর জুভেন্টাসের সংগ্রহ ৯ পয়েন্ট। ইউরোপা লীগে তাই রাফায়েল বেনিতেজের দলের সামনে বড় খড়গই অপেক্ষা করছে।
রবার্তো ডি মাত্তিওর অপসারনের পরে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে রাফায়েল বেনিতেজের নিয়োগের পর থেকেই বেশ চাপের মধ্যে আছেন এই স্প্যানিশ। ইংলিশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত নতুন কোচের অধীনে কোন জয় পায়নি বুজরা। আর তাই সমর্থকরাও ধৈর্য্য হারিয়ে ফেলছে। এ সম্পর্কে বেনিতেজ বলেন, ‘আমাদের অবশ্যই মাঠে খেলার উন্নতি করতে হবে এবং তাতেই ভক্তরা খুশী হবে।’ শনিবার প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামের কাচে ৩-১ গোলে বিধ্বস্ত হয়ে চেলসি শিরোপা দৌড় থেকে আরো খানিকটা পিছিয়ে পড়েছে। আর তাই চ্যাম্পিয়নস লিগের শেষ গ্রুপ ম্যাচে ডাচ ক্লাবের বিপক্ষে তাদের সাফল্য নিয়ে সংশয় দেখা দিয়েছে।
কিন্তু মৌসুমের শুরুটা কিন্তু দারুণ হয়েছিল ব¬ুজদের। কিন্তু দিনে দিনে তাদের ফর্ম হতাশাই বাড়িয়েছে। গত সাতটি প্রিমিয়ার লীগের ম্যাচে তারা জয়হীন রয়েছে যা গত ১৭ বছরে সবচেয়ে বাজে পারফরমেন্স হিসেবে ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে। কিন্তু এখনই হার মানতে নারাজ ২০০৫ সালে লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা এনে দেয়া বেনিতেজ। তিনি বলেন, এখানে ইতিবাচক দিক হচ্ছে শাখতারে অনেক ভাল মানের খেলোয়াড় রয়েছে এবং সবাই তাদের কথা বলছে। আর তাই তাদের পুরো বিশ্বের কাছে নিজেদের যোগ্যতার প্রমাণ রাখতে হবে। তারা হয়ত গ্রুপের দ্বিতীয় হিসেবে গ্রুপ পর্ব শেষ করবে এবং এরপর ইউরোপের কোন শীর্ষ দলের বিপক্ষে তাদের খেলতে হবে যা সত্যিই কঠিন। তাই আমি মনে করি তাদের জয়ের চেষ্টা করা উচিত।
এদিকে জুভেন্টাসের মিডফিল্ডার ক্লদিও মারসিসিও জানিয়েছেন পয়েন্ট নষ্ট করার কোন ইচ্ছা তাদের নেই। জয়ের মাধ্যমেই তারা পরবর্তী রাউন্ড নিশ্চিত করতে চায়। বহিষ্কারাদেশের কারণে শাখতারের বিপক্ষে ম্যাচে খেলতে পারছেন না এই মিডফিল্ডার। শেষ ম্যাচে জয়ী হতে পারলেই শীর্ষ দল হিসেবেই পরের রাউন্ডে যাবে ইতালিয়ান দলটি। আর যদি শাখতার হেরেও যায় তবেও চেলসির সাথে পয়েন্ট সমান থাকার পরেও তারাই দ্বিতীয় স্থানে থাকবে্ কারন হেড টু হেড সুবিধা শাখতারের পক্ষেই রয়েছে।
এদিকে গ্রুপ জি’র শেষ ম্যাচে সেল্টিক গ্রুপের তলানিতে থাকা স্পার্টাক মস্কোর মুখোমুখি হবে। এই গ্রুপে বার্সেলোনা সুস্পষ্ট ব্যবধানেই প্রথম স্থান অর্জন করেছে। এখন বেনফিকা ও সেলটিকের মধ্যেই দ্বিতীয় স্থানের জন্য লড়াই হবে। গ্রুপ এইচ থেকে ইতোমধ্যেই ম্যানচেস্টার ইউনাইটেড নক আউট পর্বে গেছে। আর গ্রুপ এফ এর শীর্ষ দু’টি দল হচ্ছে বায়ার্ন মিউনিখ এবং ভ্যালেন্সিয়া। -বাসস/এএফপি
আজকের ম্যাচ
গ্রুপ ‘ই’চেলসি-এফসি নর্ডজাল্যান্ড
শাখতার দোনেস্ক-জুভেন্টাস
গ্রুপ ‘এফ’
বায়ার্ন মিউনিখ-ব্যাট বরিসভ
লিলে-ভ্যালেন্সিয়া
গ্রুপ ‘জি’
বার্সেলোনা-বেনফিকা
সেল্টিক-স্পার্তাক মস্কো
গ্রুপ ’এইচ’
ব্রাগা-গ্যালাতাসারে
ম্যানচেস্টার ইউনাইটেড-ক্লুজ ন্যাপোকা
