নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে রস টেইলরকে সরিয়ে দেয়া হতে পারে। মঙ্গলবার প্রকাশিত খবরে বলা হয়, ধারাবাহিকভাবে খারাপ ফলের কারণে এ সপ্তাহে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য কিউইদের দল ঘোষণা করার সময়ই তাকে সরিয়ে দেয়া হতে পারে। ওয়েলিংটনের ‘ডোমিনিয়ন পোস্ট’ পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, টেইলরের ওপর আস্থা হারিয়ে ফেলেছেন দলীয় কোচ মাইক হেসন এবং টেইলরের পরিবর্তে ওপেনার ম্যাককালানকে দলীয় অধিনায়ক করা হতে পারে। গত বছর জুন মাসে অধিনায়কত্ব গ্রহণ করা টেইলর গত মাসে শ্রীলংকার বিরুদ্ধে গলের প্রথম টেস্টে চালকের আসনে থাকা স্বত্বেও স্বাগকিদের কাছে কিউইরা ১০ উইকেট পরাজিত হওয়ায় দারুন সমালোচনার মুখে পড়েন। কলম্বোতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে টেইলরের করা ১৪২ রানের সুবাদে সিরিজে ১-১ সমতা আনতে সক্ষম হয় কিউইরা। নিউজিল্যান্ড হেরাল্ড পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, দলের বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় অধিনায়কত্ব পরিবর্তন করার পক্ষে। টেইলরের নেতৃত্বে ১৩ টেস্টে ৭টিতে পরাজয়। ৪টিতে জয় এবং দু’টিতে ড্র করেছে নিউজিল্যান্ড। চারটিতে জয় পাওয়ার মধ্যে দু’টিতে জয় পায় দুর্বল জিম্বাবুয়ের বিরুদ্ধে। তবে তার উলে¬খযোগ্য জয় ছিল গত বছর হোসর্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং গত মাসে কলম্বোতে শ্রীলংকার বিরুদ্ধে ১৬৭ রানের। একই সময়ে কিউইরা ওয়ানডে সিরিজ হেরেছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকার বিরুদ্ধে। একমাত্র জয় পেয়েছে জিম্বাবুয়ের বিরুদ্ধে। -বাসস/এএফপি
