চলচ্চিত্র পরিচালনায় অরুণা বিশ্বাস

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১২, ২০:৪১
অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও প্রশংসা অর্জন করেছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অরুণা বিশ্বাস। তার নির্মিত খণ্ড নাটকগুলো আলোচিত হয়েছে। এবার তিনি দুটি দীর্ঘ ধারাবাহিক নাটক পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন। ধারাবাহিক দুটির শিরোনাম ‘এই আমাদের পৃথিবী’ ও ‘শ্রাবণ মানে বৃষ্টি নয়’। আগামী বছরের শুরুতে তিনি ধারাবাহিক দুটির শুটিং করবেন বলে জানিয়েছেন। খুব শীঘ্রই তিনি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। পরিচালনা প্রসঙ্গে অরুণা বিশ্বাস বলেন, ‘এরইমধ্যে আমি দুটি ধারাবাহিকের স্ক্রিপ্ট চূড়ান্ত করেছি। এখন কাস্টিং বাছাইয়ের কাজ চলছে। কিছুদিনের মধ্যেই কানাডা যাব। সেখান থেকে ফিরে এসে ধারাবাহিক দুটির কাজে নেমে পড়ব। কানাডায় আমি চলচ্চিত্র পরিচালনা বিষয়ে পড়ালেখা করছি। চলচ্চিত্র দিয়েই এ দেশের দর্শকদের কাছে আমার পরিচিতি। তাই চলচ্চিত্র নিয়ে স্বপ্নও অনেক। আসছে বছরে একটি চলচ্চিত্র নির্মাণের সম্ভাবনা খুবই বেশি। এর পরিকল্পনার কাজটুকু করছি এখন। আর আমাদের চলচ্চিত্র শিল্পও এখন সামনের দিকে এগিয়ে চলছে। সেদিক থেকে কাজটা করাও দায়িত্ববোধের মধ্যে পড়ে।’