আগের ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর বাংলাদেশ আজ বুধবার বিকাল চারটায় মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক ফুটবল (অনূর্ধ্ব-২৩) টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মাঠে স্বাগতিক শ্রীলংকার মুখোমুখি হচ্ছে। শ্রীলংকার নাওয়ালাপিথিয়ার জয়াথালিকা স্টেডিয়ামে অনুষ্ঠানরত চার জাতির এই টুর্নামেন্টে বাংলাদেশ গত সোমবার নিজেদের প্রথম খেলায় পাকিস্তানের কাছে এক গোলে হারে। অপরদিকে শ্রীলংকা তাদের প্রথম ম্যাচে মালদ্বীপের কাছে ০-৩ গোলে হারে। তাই দুই দলই হারের জ্বালা নেভাতে মাঠে নামবে।
বাংলাদেশ দলের কোচ টিটু জানিয়েছেন তাদের এখনো ফাইনালের খেলার সুযোগ আছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী পাকিস্তানের ম্যাচ সম্পর্কে টিটোর মত হলো ডিফেন্সের একটা ভুলের কারনে ম্যাচটা হেরেছেন তারা। স্বাগতিকরা খেলবে তাদের নিজেদের মাঠে। শুধু এটাই তাদের একমাত্র সুবিধা নয়। তুলনামুলক বিচারে বাংলাদেশের খেলোয়াড়দের চেয়ে শ্রীলংকানরা শারীরিক দিক থেকে অনেক এগিয়ে। তারপরও যুব ফুটবল দলের লক্ষ্য ম্যাচ জিততেই হবে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে শ্রীলংকাকে হারাতে হবে। না হলে সুযোগ কমে যাবে।
শ্রীলংকান হেড কোচ সাম্পাত পেরেরা জানিয়েছেন মালদ্বীপের কাছে হারলেও তাদের টুর্নামেন্টে ঘুরে দাড়ানোর সুযোগ রয়েছে। বাংলাদেশকে সমীহ করে পেরেরা মত দেন যে বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ এবং কৌশলের দিক থেকে তাদের খেলোয়াড়রা দক্ষ। শ্রীলংকায় বাংলাদেশ যুব ফুটবল গতকাল হালকা অনুশীলন করে।
