পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ইন্দিরা গান্ধী শুধু ভারতের নয় বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার প্রত্যক্ষ সহায়তা ও বলিষ্ঠ অবদান ছিলো। তার অবদানের কথা উল্লেখ না করলে স্বাধীনতার ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে। ইন্দিরা গান্ধীর ৯৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাধীনতা একাডেমী নামের একটি সংগঠন ‘বাংলাদেশের স্বাধীনতায় ইন্দিরা গান্ধীর অবদান’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে। সংগঠনটির চেয়ারম্যান এডভোকেট মো. নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট সামসুল হক টুকু।
সামসুল হক টুকু এমপি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের তত্কালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অসাধারণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, সে সময় বাংলাদেশের প্রায় এক কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছিলো। মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছিলো। তিনি বলেন, বিভিন্ন সময় স্বাধীনতার ইতিহাস বিকৃত করার চেষ্টা হয়েছে। এখন জামায়াতে ইসলামী বড় ষড়যন্ত্র করছে।
