কারোর এজেন্ডা বাস্তবায়নে আমরা আসিনি :সিইসি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১২, ২১:৫৫
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদ বলেছেন, আমরা কারোর এজেন্ডা বাস্তবায়ন করতে আসিনি। আমরা স্বচ্ছতায় বিশ্বাসী। কাজের মাধ্যমে নিরপেক্ষতা প্রমাণ এবং সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করবো। গতকাল মঙ্গলবার সকালে শেরে বাংলা নগরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সম্মেলন কক্ষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে আয়োজিত সংলাপে তিনি এ কথা বলেন। এদিকে, আজ বুধবার বিকাল ৩টায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসবে ইসি। গতকাল ৬টি দলের সঙ্গে কমিশনের পূর্বনির্ধারিত সংলাপসূচি থাকলেও মাত্র দু’টি দল অংশ নিয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বিকল্পধারা বাংলাদেশ ও বাংলাদেশ মুসলীম লীগ নতুন করে সময় চেয়েছে। অন্যদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি সংলাপ বর্জন করেছে। গতকাল সকাল ১১টায় সংলাপে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়েছে। দলের সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনের সময়ে সেনা বাহিনী মোতায়েন করতে হবে। বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) সংলাপে অংশ নিয়ে দলটির সাধারণ সম্পাদক ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আলোকে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দশম নির্বাচন অনুষ্ঠান করা, নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার, জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল, নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধ করা, ২০০৮ সালের সীমানা অনুযায়ী নির্বাচন গ্রহণ করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। তিনি নির্বাচনের সময়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে ইসির ক্ষমতায় রাখা, নির্বাচনী ব্যয় কমানোসহ বিভিন্ন দাবি উত্থাপন করেন।