বলিউড

আবারও খিলাড়ি

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ১৮:৫৫
অক্ষয় কুমারের বয়স ৪৫ চলছে এখন। এই বয়সেও দুর্দান্ত অ্যাকশন হিরো হিসেবে পর্দায় ঝড় তুলতে পারেন—এটা তিনি প্রমাণ করেছেন এ বছরে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন ধাঁচের ছবি ‘রাওডি রাঠোর’-এ। দর্শক তার চোখ ধাঁধানো অ্যাকশন দারুণভাবে উপভোগ করেছেন। অক্ষয় নিজেও অনেকদিন পর্দায় দাঙ্গাবাজি থেকে দূরে সরেছিলেন। গত প্রায় সাত-আট বছর ধরে অ্যাকশন ছবির চেয়ে সাধারণ রোমান্টিক, কমেডি, সিরিয়াস, ভিন্ন ধাঁচের সিনেমাতেই বেশি অভিনয় করছেন। এ ক্ষেত্রে দর্শকদের মধ্যে নিজের গ্রহণযোগ্যতা সৃষ্টি করেছেন। এ বছরে মুক্তিপ্রাপ্ত ভিন্ন ধাঁচের হিন্দি সিনেমা ‘ওহ মাই গড’-এ আধুনিক সময়ের ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায় রুপালি পর্দায় উপস্থিত হয়েছেন তিনি। তেমন চরিত্রেও তাকে দর্শক বেশ ভালোভাবেই গ্রহণ করেছে। অ্যাকশন ঘরানার বাইরে যে ধরনের ছবিতেই যত বিচিত্র রোলে অভিনয় করুণ না কেন হিন্দি সিনেমার দর্শক অক্ষয়কে ‘খিলাড়ি হিরো’ নামে আজও ডাকেন। ১৯৯২-এ প্রথম আব্বাস-মাস্তান পরিচালিত ‘খিলাড়ি’, ‘মিস্টার অ্যান্ড মিসেস খিলাড়ি’, ‘ইন্টারন্যাশনাল খিলাড়ি, ‘খিলাড়ি ৪২০’ ছবিগুলোতে নাম ভূমিকায় অর্থাত্ খিলাড়ি চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মধ্যে খিলাড়ি চরিত্রটিকে জনপ্রিয় করে তুলেছেন। মূলত খিলাড়ি হিরো হিসেবে বলিউডে আলাদা একটি অবস্থান দখল করে আছেন অক্ষয়। এ ক্ষেত্রে তাকে টেক্কা দেওয়ার মতো আর কোনো নায়ক নেই। দীর্ঘদিন পর আবার খিলাড়ি চরিত্রে অক্ষয়ের ফিরে আসার প্রেক্ষাপটটি তুলে ধরতে গেলে বলিউডের জনপ্রিয় সুরকার ও গায়ক হিমেশ রেশামিয়ার নামটি এসে যায়। যিনি ‘খিলাড়ি ৭৮৬’র ছবির কাহিনিকার, সংগীত পরিচালক, প্রযোজক হওয়ার পাশাপাশি এ ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। বন্ধু অক্ষয় কুমারকে ‘খিলাড়ি ৭৮৬’ সাজিয়ে এ ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করার উচ্চাকাঙ্ক্ষা নিয়ে ‘খিলাড়ি ৭৮৬’ ছবির নির্মাণ পরিকল্পনা করেন তিনি। শুরুতে এ ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে বিগ বি মানে অমিতাভ বচ্চনের অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি তা করেননি, তার জায়গায় মিঠুন চক্রবর্তীকে নেওয়া হয়েছে। নায়িকা চরিত্রে অসিনকে কাস্ট করা হয়। পৈতৃক ব্যবসা ঘটকালিতে ক্রমাগত ব্যর্থ হওয়া মানসুখের গল্প দিয়ে শুরু ‘খিলাড়ি ৭৮৬’ ছবিটি। দিশেহারা মানসুখ ঘটকালি কাজে নিজের যোগ্যতা প্রমাণ করতে পুলিশ অফিসার ভাট্টার সিং ওরফে খিলাড়ি ৭৮৬-এর সঙ্গে শহরের আন্ডারওয়ার্ল্ড ডন টিটি ভাইয়ের সুন্দরী ছোট বোন ইন্দুর বিয়ে দিতে মাঠে নামেন। টিটি ভাইদের সাথে ভাট্টার সিং অর্থাত্ খিলাড়ি ৭৮৬-এর পরিবারের বিরোধ আরও ঘনীভূত হয়। দু’পক্ষ পরস্পরের মুখোমুখি হলে বিয়ের ঘটকালিতে নিয়োজিত মানসুখের জীবন বিপন্ন হয়ে ওঠে। ঘটতে থাকে শ্বাসরুদ্ধকর উত্তেজনাপূর্ণ নানা ঘটনা। খিলাড়ি ৭৮৬ সব অন্যায়, অসত্য আর অসঙ্গতি দূর করতে সাহস এবং শক্তি নিয়ে শত্রুর মোকাবেলা করে জয়ী হয়। তেমন গল্পের ছবি ‘খিলাড়ি ৭৮৬’তে প্রচুর চোখ ধাঁধানো অ্যাকশন দৃশ্যে অক্ষয় কুমার সরাসরি নিজেই শট দিয়েছেন। ‘আমি আমার অ্যাকশন দৃশ্যগুলো নিজেই করতে চাই এবং করি। যখন থেকে আমি তা করতে পারব না সেদিন থেকেই অ্যাকশন ছবি করা ছেড়ে দেবো কথা দিচ্ছি,’ সম্প্রতিক এক সাক্ষাত্কারে বলেছেন খিলাড়ি হিরো। ‘খিলাড়ি ৭৮৬’ ছবিটি খিলাড়ি ব্র্যান্ডের সিনেমা হলেও অক্ষয় কুমারের আগের খিলাড়ি মুভিগুলোর মতো সফল হবে কি না তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। ২০১২ সালে বলিউডে ১০০ কোটি রুপিরও বেশি ব্যবসা করা ছবির সংখ্যা কম নয়। এ বছরেই অক্ষয় অভিনীত ‘হাউসফুল টু’ এবং ‘রাওডি রাঠোর’ ছবি দুটি ১০০ কোটি রুপি ক্লাবে তালিকাভুক্ত হয়েছে। তার ‘ওহ মাই গড’ ছবিটিও হিট হয়েছে। আগামীতেও অ্যাকশন হিরোর ইমেজে আসছেন অক্ষয় ‘স্পেশাল ছাব্বিশ’, ‘ওয়ানস আপন অ্যা টাইম অ্যাগেইন’ এবং ‘নাম হ্যায় বস’ ছবিগুলোতে।’ এ ছবিগুলোতে তাকে দাঙ্গাবাজি করতে দেখা গেলেও অভিনীত চরিত্রগুলোতে বৈচিত্র্যের নানা চমক রয়েছে। যার মাধ্যমে অভিনেতা হিসেবে নিজের যোগ্যতা প্রমাণের যথেষ্ট সুযোগ রয়েছে।