‘মনপুরা’খ্যাত নায়িকা ফারহানা মিলি তার অভিনীত দ্বিতীয় ছবি ‘সীমান্তের চড়ুইভাতি’তে অভিনয় করা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। শিরীন পাশা পরিচালিত ছবিটির নির্মাণ কাজ শুরু হয় গত বছরের মে মাসে। সে সময় চট্টগ্রামের সীতাকুণ্ডে এই ছবির কিছু অংশের শুটিং হয়। এর পরপরই ছবিটির পরিচালক দেশের বাইরে চলে যান। গত সপ্তাহে তিনি ঢাকায় ফিরেন। ঢাকায় ফিরেই তিনি আবারও ছবিটির নির্মাণ কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। ছবির নায়িকা ফারহানা মিলির সঙ্গে তিনি ছবিটির নানান বিষয় নিয়ে আলোচনায় বসেন। কিন্তু আলোচনার শেষপ্রান্তে এসে মিলি এই ছবিতে কাজ করা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। ছবিটিতে অভিনয় করা থেকে সরে আসার কারণ হিসেবে মিলি উল্লেখ করেন, ‘এই পর্যায়ে এসে আমি দেখলাম ছবিটিতে কাজ করার জন্য আমি যেভাবে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম। তার কোনো কিছুই এখন আর আমার অনুকূলে নয়। তাই আমি নিজে থেকেই ছবিটিতে কাজ করছি না। অবশ্য এর আগেও ছবিটির কোনো দৃশ্যেই আমি অভিনয় করিনি। আমার জন্য যে ছবির পরিচালক ক্ষতিগ্রস্ত হবেন তাও কিন্তু নয়।’
