নতুন দুই চলচ্চিত্রে

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ১৮:৫৭
নতুন দুই চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অভিনয়শিল্পী শম্পা রেজা। ছবি দুটি হচ্ছে মিনহাজ কিবরিয়ার ‘শতরূপে শতবার’ ও রাজু আহমেদের ‘মাটি’। আগামী বছরের শুরুর দিকে ছবি দুটির কাজ শুরু হবে বলেই জানিয়েছেন শম্পা রেজা। এ প্রসঙ্গে শম্পা রেজা বলেন, ‘অনেক আগে থেকেই কিন্তু চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়ে আসছি। তখন চলচ্চিত্রের প্রতি আমার কোনো আগ্রহ ছিল না। ইদানীং চলচ্চিত্রের কিছু গল্প খুব ভালো লাগছে। পাশাপাশি অনুরোধের মাত্রাটাও বেশি। সবকিছু মিলে কাজগুলো করতে হচ্ছে।’ শম্পা রেজা আরও বলেন, ‘আমি সর্বশেষ এশা ইউসুফের প্রযোজনায় অল্প অল্প প্রেমের গল্প নামের একটি ছবিতে অভিনয় করেছি। এখানে আমাকে ছবিটির নায়ক নিলয়ের মা হিসেবে দেখানো হয়েছে। আমার বিশ্বাস ভালোমানের একটি ছবিই উপহার দেবেন এশা ইউসুফ।’ নাটকে অভিনয় ছাড়াও শম্পা রেজা তার প্রতিষ্ঠিত রোদেলা চত্বর স্কুল নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলেও জানান।