শিরোনাম :ডুব
কণ্ঠ ও সুর :হাবিব ওয়াহিদ
গীতিকার :জাহিদ আকবর
একটি গান কী গুণে বাসা বাঁধে শ্রোতার মনে? এর উত্তর কিন্তু বাঁধা থাকে না কোনো একটি নির্দিষ্ট কারণে। একেকজন একেক কারণ বলবেন। তাই নানা পথে না গিয়ে পথের উেস থাকা মানুষটি অর্থাত্ গীতিকারের কাছে প্রশ্ন রাখা শ্রেয়তর। এবার আমাদের এ আয়োজনে গীতিকার জাহিদ আকবরের কাছে জানতে চেয়েছিলাম কেমন করে ‘ডুব’ গানটি বাসা বেঁধেছিল তার মনে, অর্থাত্ গানের পেছনের গল্পটি—
‘দিন তারিখ মনে নেই, কোনো এক দুপুরে বাংলা মোটর ওভার ব্রিজ থেকে নামছিলাম। এ সময় যেন হঠাত্ করেই মাথায় ঢুকে গেল কয়েকটি লাইন—তোমার ভেতর নামব আমি/ তোমার ভেতর ডুব/ তোমার ভেতর কাটব সাঁতার/ ভাসব আমি খুব। ব্যস এই কয়েকটি শব্দে বাঁধা পড়ে গেল আমার মন। তারপর একদিন আড্ডায় মোস্তফা কামাল রাজ জানতে চাইলেন, ‘ইদানীং কী লিখেছেন?’ আমি তাকে এ কয়েকটি লাইন শোনালাম। শুনে রাজ বলল, ‘ভাই গানের কথাগুলো আমার খুবই পছন্দ হয়েছে। গানটা অবশ্যই আমাকে দেবেন।’ আমি তাকে কথা দিলাম। এর প্রায় দেড় বছর পর রাজ আমাকে ফোন করে জানালেন, তিনি তার চলচ্চিত্র ‘প্রজাপতি’তে এ গানটি ব্যবহার করবেন। এরপর চলচ্চিত্রের সিক্যুয়েন্সটিও বুঝিয়ে দিলেন। পরে অবশ্য আমি জেনেছিলাম গানটি ব্যবহার করার জন্যই তিনি চলচ্চিত্রে ওই সিক্যুয়েন্সটি তৈরি করেছিলেন। আমি তাকে পুরো গানটি এসএমএস করে পাঠিয়ে দিলাম। বলে রাখা ভালো, এ সময় থেকেই আমি খাতা কলমে গান লেখা ছেড়েছি। যাই হোক, রেকর্ডিংয়ে যখন গানটি প্রথমবার শুনি তখন খুব একটা ভালো লাগেনি। কিন্তু শ্রোতাদের প্রতিক্রিয়া ছিল উল্টো। শুনেছি রেডিও ফুর্তিতে গানের টপচার্টে দু’বছর এটি এক নম্বরে ছিল। এ গানটিকে আমার টার্নিং পয়েন্ট বলা যায়। এ গান নিয়ে পরিচিত-অপরিচিতজনের নানা মন্তব্যই পেয়েছি। তবে সবাই একটি বিষয় বলেছে, জাহিদ তোমার গানটা যতটা রোমান্টিক তোমাকে দেখে কিন্তু ততটা মনে হয় না।’
