পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক ইকবাল কাশিম বলেছেন, দলের আসন্ন ভারত সফরে মোহাম্মদ ইউসুফকে বিবেচনা করা হবে না। যে কারণে পাকিস্তান দলের এ সিনিয়র ব্যাটসম্যানের ওয়ানডে এবং টি-২০ ক্যারিয়ার শেষ বলেই ধরে নেয়া যায়।
দলের আসন্ন ভারত সফরে দু’টি টি-২০ ও তিনটি ওয়ানডের জন্য দল নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে কাশিম সাংবাদিকদের বলেন, ‘ভারত সফরের জন্য ইউসুফ বিবেচনায় নেই।’ সাবেক এ টেস্ট স্পিনার বলেন, ‘এই মুহূর্তে আমরা তার ফিটনেস ও ফর্ম সম্পর্কে নিশ্চিত নই এবং ভারত সফরের জন্য তাকে বিবেচনায় আনা হবে না।’
গত বছরের মাঝামাঝি সময় থেকে প্রথম শ্রেণীর কোন ক্রিকেট খেলেনি ইউসুফ এবং চলমান টি-২০ জাতীয় লীগে সম্প্রতি লাহোর লায়নস-এর অধিনায়ক হিসেবে তার নাম ঘোষণা করা হয়।
তবে লাহোরে অনুষ্ঠিত প্রথম ম্যাচের আগে নিজের নাম প্রত্যাহার করে অধিনায়ক হিসেবে টি-২০ দলের অধিনায়ক মোহাম্মদ হাফিজকে সমর্থন দেন ইউসুফ এবং পরের দু’ম্যাচে ইউসুফ আর খেলেননি। সাবেক অধিনায়ক ইউসুফের ঘনিষ্ঠ এক বন্ধু জানিয়েছেন, সে নিজেই তার শেষ দেখে ফেলেছে এবং আগামী ২২ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ শুরু হওয়ার আগে এখন সে কিছু প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার চেষ্টা করবে।
সূত্র আরো জানায়, ‘যেহেতু সে টি-২০তে জাতীয় দলের হয়ে খেলছে না এবং তরুণ খেলোয়াড়দেরকে সে সুযোগ দিতে চায়।’
কাশিম জানান, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি দল ভারতে বিভিন্ন ভেন্যু পরিদর্শনে গেছে। সেখান থেকে ফিরলে ভারত সফরের জন্য সেরা একটি টি-২০ ও ওয়ানডে দল ঘোষণা করা হবে।-বাসস
