শীতের সকালে উন্মুক্ত মঞ্চে সাদী মহম্মদ ও ফরিদা পারভীন

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ২০:২৫
‘গানে গানে সকাল শুরু’তে আগামী শুক্রবার চ্যানেল আই ভবনের ছাদে উন্মুক্ত মঞ্চে আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমী উত্সব ও সংগীতানুষ্ঠানের। সংগীত পরিবেশন করবেন ফরিদা পারভীন, সাদী মহম্মদ এবং চ্যানেল আই সেরাকণ্ঠের শিল্পীরা। সঙ্গে থাকবে পিঠাপুলির উত্সব। শীতের সকালের মিষ্টি রোদ, নির্দিষ্ট আমন্ত্রিত দর্শক, গান আর সঙ্গে শীতের নানাপদের পিঠা—এতে অনুষ্ঠানটিতে দর্শকেরা ভিন্নতা পাবে বলে দাবি করেন অনুষ্ঠানটির প্রযোজক আমীরুল ইসলাম। ‘গানে গানে সকাল শুরু’র প্যানেল প্রযোজনা করবেন ইফতেখার মুনিম, জামাল রেজা, অনন্যা রুমা। অনুষ্ঠানটি দর্শকরা সরাসরি দেখতে পাবেন চ্যানেল আইয়ের পর্দায় সকাল ৭টার সংবাদের পর থেকে ৯টার সংবাদের পূর্ব পর্যন্ত। সরাসরি প্রচারিত এই অনুষ্ঠানটি মূলত চ্যানেলটির পিঠা উত্সবকেই আরেকটি নতুন রঙে রাঙিয়ে তোলা। এ প্রসঙ্গে অনুষ্ঠান কর্তৃপক্ষ বিনোদন প্রতিদিনকে জানান, টানা প্রতিদিন স্টুডিওতে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানের লক্ষ্য মূল ধারার গানকেই দর্শক-শ্রোতাদের ভেতরে ভিন্নভাবে উপস্থাপন করা। সেই লক্ষ্যেই এবারের এই ভিন্ন আয়োজন। এতে অনুষ্ঠানটির লোকেশনেও একটি বৈচিত্র্য এলো, দর্শকেরাও উপভোগ করল। ভিন্ন আয়োজনের এই সকাল শুরু’র অনুষ্ঠান প্রসঙ্গে কণ্ঠশিল্পী সাদী মহম্মদ বলেন, ‘চ্যানেল আইয়ের এই প্রতিদিনের অনুষ্ঠান সত্যিই প্রশংসা করার মতো। আমি বিচ্ছিন্নভাবে এই অনুষ্ঠানে গেয়েছি। এবারে ওরা খোলা আকাশের নিচে শীতের সকালের আমেরেজ দেখা চাইছে। তাই আমি নিজেও আমার গানের সিলেকশনে কিছুটা পরিবর্তন এনেছি। আশা করি আগামীকালের পরিবেশনাতেও একটা নতুনত্ব পাবে দর্শকেরা।’