আবারও ‘টমি মিয়া’স রেসিপি’

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ২০:২৫
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ভোজন প্রিয় মানুষের কাছে পরিচিত একটি নাম টমি মিয়া। একুশে টেলিভিশনে আবারও মজাদার এবং স্বাস্থ্যসম্মত রেসিপি নিয়ে হাজির হচ্ছেন টমি মিয়া। সিলভানা সাদিয়ার উপস্থাপনায় এবং প্রযোজনায় ‘টমি মিয়া’স রেসিপি’ প্রচার হবে প্রতি সোমবার রাত ০৭টা ৫০ মিনিটে। ‘টমি মিয়া’স রেসিপি’র প্রতিটি পর্বে থাকবেন বাংলাদেশের স্বনামধন্য একজন করে তারকা অতিথি। আমন্ত্রিত অতিথির জন্য টমি মিয়া নতুন রেসিপি দিয়ে চমত্কার এবং সুস্বাদু খাবার তৈরি করবেন। অতিথির সাথে আড্ডা আর রান্নার মাঝে স্বাস্থ্যসম্মত খাবারের বিভিন্ন টিপসও দেবেন টমি মিয়া। এ সম্পর্কে টমি মিয়া জানান, ‘একুশে টেলিভিশন আমার রেসিপি নিয়ে নতুন করে অনুষ্ঠান আয়োজন করায় একুশে টেলিভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ। এবারের আয়োজনে রন্ধনে আগ্রহী দর্শক নতুন নতুন রেসিপির সন্ধান পাবেন’। ‘টমি মিয়া’স রেসিপি’ অনুষ্ঠানটির প্রযোজক ও উপস্থাপক সিলভানা সাদিয়া বলেন, ‘অতীতের সফল আয়োজনের ফলে আমরা দর্শকের কাছ থেকে অনেক অনুরোধ পাই অনুষ্ঠানটির আরও এপিসোড প্রচারের জন্য। মূলত দর্শকদের কথা ভেবেই আমরা আবারও টমি ভাইকে নিয়ে শুরু করতে যাচ্ছি ‘টমি মিয়া’স রেসিপি’।’