ভারত সফরের আগে লাহোরে পেস বোলারদের একটি অনুশীলন ক্যাম্প করানোর জন্য বোলিং গ্রেট ওয়াসিম আকরামকে অনুরোধ জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু নিজের ব্যস্ততার কারণে পিসিবির এ অনুরোধ রাখেননি দেশটির সাবেক অধিনায়ক আকরাম। ওয়াসিম আকরাম জানান, টেলিভিশনে ধারা ভাষ্যসহ বিভিন্ন কারণে ব্যস্ত থাকায় আগামী বছরের মার্চ মাসের আগে তিনি পিসিবির দায়িত্ব গ্রহণ করতে পারছেন না। এ ব্যাপারে তিনি বলেন, ‘পাকিস্তানে কিছু ফাস্ট বোলারের সঙ্গে কাজ করতে আমি পছন্দ করি। কিন্তু দুর্ভাগ্য যে, আমার পেশাদারিত্ব ও কাজের জন্য আমার সময় খুব কম। তবে মার্চ মাসে আমার হাতে সময় আছে এবং ওই সময় আমি স্বেচ্ছায় একটি ক্যাম্প পরিচালনা করব।’
বিশ্ব ক্রিকেটে বাঁ-হাতি পেসারদের অন্যতম আকরাম অবশ্য স্বীকার করেন যে, আসন্ন ভারত সফরে পেস বোলাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
তিনি বলেন, ‘কেউ হয়তোবা মনে করছে টি-টোয়েন্টি এবং ওয়ানডে ম্যাচের উইকেট হবে ব্যাটিং সহায়ক। তবে কোন একটা দলে ভাল পেস বোলার থাকলে তারা যেকোন উইকেটে সবসময়ই বড় সম্পদ।’
তিনি আরো বলেন, গত এক বছর যাবত্ স্পিনাররাই পাকিস্তান দলকে এগিয়ে নিয়ে গেছে, এটা সত্যি। তবে পাকিস্তান ক্রিকেটে ফাস্ট বোলারদের একটা বড় ইতিহাস আছে এবং আকরাম মনে করেন না যে এটা হারিয়ে গেছে।-বাসস/পিটিআই
