শ্রীলংকায় যুব ফুটবল দলের বিদায়

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ২১:৪৮
শ্রীলংকায় দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ যুব ফুটবল দল। এবার হার স্বাগতিক শ্রীলংকার কাছে। গতকাল বাংলাদেশ যুব ফুটবল দল ১-০ গোলে হেরেছে শ্রীলংকার কাছে। এবারও ম্যাচের শেষদিকে গিয়ে গোল হজম করেছে। ম্যাচের ৬৯ মিনিটে গোল হজম করে হার মেনে নিয়েছে বাংলাদেশ। এই হারে শ্রীলংকার মাহিন্দা রাজাপাকসে চার জাতির টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে গেল কোচ সাইফুল বারী টিটুর দল। আগামীকাল নিয়ম রক্ষার ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। গতকালও বাংলাদেশের ছেলেরা গোলের সুযোগ নষ্ট করেছে। গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেনি। বাংলাদেশ দলকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন তৌহিদুল আলম। তিনি একাই কয়েকটি সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি। বক্সের ভেতরে তৌহিদ শ্রীলংকান গোলকিপার সুজন পেরেরাকে একা পেয়ে ব্যর্থ হয়েছেন। গোলপোস্টের বাইরে চলে যায় বল। এমন অসংখ্য সুযোগ নষ্ট করার পর ৬৯ মিনিটে শ্রীলংকা একটা সুযোগ কাজে লাগিয়ে গোল আদায় করে ম্যাচটা জিতে নেয়। তৌহিদ এবং রনিকে মাঠ থেকে তুলে নিয়ে মোবারক এবং সবুজকে মাঠে নামিয়েছিলেন কোচ টিটু। তাতে কোনো লাভ হয়নি। বাংলাদেশ যুব ফুটবল দল প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরেছিল। সেই ম্যাচেও ৮০ মিনিটে গোল গোল হজম করে ম্যাচটা হেরে যায় বাংলাদেশ। মালদ্বীপ দুই ম্যাচ জিতে টুর্নামেন্টের ফাইনালে উঠে গেছে। এখন পাকিস্তান এবং শ্রীলংকার মধ্যে একটি দল উঠবে ফাইনালে। বাংলাদেশ দল ঃ মোস্তাক, লিংকন, মুন্না, কেষ্ট কুমার, উত্তম বনিক, মেজবাবুল হক মানিক, আলমগির রানা (শরিফুল), শাহেদ, তৌহিদ (মোবারক), রনি (সবুজ), সোহেল রানা।