মহান স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বিজড়িত তেলিয়াপাড়া স্মৃতিসৌধ এলাকা বর্তমানে একটি আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়ক কিংবা তেলিয়াপাড়া রেলস্টেশন হতে প্রায় দুই কিলোমিটার দূরে এই স্মৃতিসৌধ।
রাইফেলের বুলেট আকৃতির স্মৃতিসৌধের সোনালী রঙ রোদ্রের উজ্জ্বল আলোকে ঝলমল করে। প্রবেশপথের দুইপাশে কবি শামসুর রাহমানের ‘স্বাধীনতা তুমি’ কবিতার পঙক্তিমালা সুন্দরভাবে লেখা রয়েছে। এই স্মৃতিসৌধ উদ্বোধন করেন মেজর জেনারেল কেএম সফিউল্লা বীর উত্তম, সেনাপ্রধান, ৩ নং সেক্টর কমান্ডার, সন ১৯৭৫ খ্রীস্টাব্দ। সমপ্রসারিত স্মৃতিসৌধ উদ্বোধন করেন এনামুল হক মোস্তফা শহীদ, সমাজকল্যাণ মন্ত্রী, ১০ এপ্রিল ২০১১। এই স্মৃতিসৌধের একটি ফলকে প্রথম সেনাপ্রধান কর্ণেল আতাউল গনি ওসমানী, সহ সেনাপ্রধান লে. কর্নেল আব্দুর রব এম, এন এ, মেজর কেএম সফিউল্লা (সিলেট-ব্রাহ্মণবাড়িয়া), মেজর খালেদ মোশাররফ, (কুমিল্লা-নোয়াখালী), মেজর জিয়াউর রহমান (চট্টগ্রাম-পার্বত্য চট্টগ্রাম) ও মেজর আবু ওসমান চৌধুরীসহ (কুষ্টিয়া-যশোহর পশ্চিম রণাঙ্গন) ৩৩ জনের নাম লেখা আছে। জানা যায় যে, মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর ৩ নং সেক্টর কমান্ডার মেজর কে.এম. শফিউল্লাহ তার হেড কোয়ার্টার তেলিয়াপাড়া চা বাগানে স্থাপন করেন। এখানে মুক্তিযোদ্ধাদের একটি বড় প্রশিক্ষণ ক্যাম্প গড়ে উঠে। মুক্তিযুদ্ধের সময় চা বাগানের ম্যানেজার বাংলোসহ পার্শ্ববর্তী এলাকা ছিল মুক্তিযুদ্ধের সংগঠক ও সেনা নায়কদের পদচারণায় মুখরিত।
