বিচারপতি মুহম্মদ হাবিবুর রহমান বলেছেন, বাঙালির প্রিয় শব্দ ‘অঙ্গীকার’। আর প্রিয় কাজ অঙ্গীকার লংঘন। দিনের পর দিন দেশে এই অঙ্গীকার লঙ্ঘিত হচ্ছে। মানবাধিকার লঙ্ঘন, মানুষের অধিকার প্রতিষ্ঠা না করা, কারখানায় আগুন লাগলে পরিত্রাণ কীভাবে হবে তার ব্যবস্থা না করা, সব কাজে গাফিলতি, দায়িত্ব পালন না করা নিয়মে পরিণত হয়েছে। তিনি বলেন, একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে দুই নেতার ছবি টাঙানো নিয়ে মারামারি করার ঘটনা পৃথিবীর আর কোথাও ঘটে না। নেতিবাচক কথা বলতে চাই না, কিন্তু এটা আশা করাই যেন কষ্টের যে, একটি রাষ্ট্র, সেখানকার মানুষ তার আচরণে শৃঙ্খলাপরায়ণ হবে!
গতকাল জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে চন্দ্রাবতী একাডেমী আয়োজিত সপ্তাহব্যাপী অনুষ্ঠানে ‘ভাষা আন্দোলন’ বিষয়ে আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাংলা বানান রীতি কেউ মেনে চলেন না। বাংলাদেশের সংবিধানে এক শব্দের তিন, চার রকম বানান লেখা রয়েছে। যারা রাষ্ট্রের বড় বড় কাজ করেন তাদের কারো একটু সময় হলো না এসব ঠিক করার!
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। সভাপতিত্ব করেন ভাষা সংগ্রামী আহমদ রফিক।
আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, মাতৃভাষায় শিক্ষা নেয়ার অধিকার সবার রয়েছে। ভাষা আন্দোলন হয়েছিল এ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে। যদিও আজো সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন করা সম্ভব হয়নি।
আহমদ রফিক সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনের দাবি জানিয়ে বলেন, আমরা আজও উচ্চ আদালতে, উচ্চ শিক্ষায়, বিজ্ঞান শিক্ষায় বাংলা ভাষার প্রচলন করতে পারিনি।
