মানসিক চাপ সহজভাবে জয় করুন

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ২১:৫৫
মানসিক চাপ বা স্ট্রেস মানুষের দৈনন্দিন জীবনের প্রিয় সঙ্গী। স্ট্রেস ছাড়া মানুষের জীবন ভাবা অবিশ্বাস্য। তাই বিশেষজ্ঞরা মনে করেন সামান্য মানসিক চাপ থাকা ভালো। এতে অলসতা তৈরি হয় না। কিন্তু এই স্ট্রেস যখন মাত্রাতিরিক্ত হয় তখন হয় যত বিপত্তি। স্ট্রেস বেশি হলে মাথা ব্যথা, স্টোমাক আপসেট, রক্তচাপ বৃদ্ধি এমনকি স্ট্রেস থেকে হার্ট সমস্যা পর্যন্ত হতে পারে। শুধু তাই নয়, অতিরিক্ত মানসিক চাপ থেকে উদ্বেগ, আতংক, ক্রোধ, ভয়-ভীতি তৈরি হতে পারে যা কিনা পরিবার ও কর্মক্ষেত্রের শান্তি বিঘ্নিত করতে পারে। তবে আপনজনের বিয়োগ, বিবাহ বিচ্ছেদ এধরনের ঘটনার ক্ষেত্রেও মানসিক চাপ হলে ভুক্তভোগী এপর্যায়ে বিপর্যস্ত হলেও এমনিতেই কাটিয়ে উঠতে পারেন সমস্যা। কিন্তু অনেকে আবার মানসিক চাপ কমাতে মদ্যপান, ড্রাগ সেবন, ধূমপানের মাত্রা বৃদ্ধি, ওভার ইটিং, সমস্যা অস্বীকার এবং ক্রোধান্বিতপূর্ণ আচরণ করতে থাকেন। এতে মানসিক চাপ কোনভাবেই কমানো যায় না বরং অনেক ক্ষেত্রে হিতে বিপরীত হয়। প্রবল মানসিক চাপজনিত টেনশন থেকে ঘটতে পারে বিপদ। তবে আপনি ক্ষতিকর পদ্ধতি ছাড়াই কিছু কৌশল অনুসরণ করে মানসিক চাপ সহনীয় পর্যায়ে আনতে পারেন। আর এগুলো হচ্ছে, আপনি যেতে পারেন কোন প্রফেশনাল ম্যাসাজ থেরাপিস্টের কাছে। গান শুনতে পারেন, টিভি মুভি দেখতে পারেন বা বন্ধু-বান্ধবদের সঙ্গে হালকা আড্ডায় মেতে উঠতে পারেন। হাসতে চেষ্টা করুন। প্রার্থনা বা মেডিটেশন করুন। সর্বোপরি আপনার মানসিক চাপ ভিতরে না রেখে বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করুন। পরিস্থিতি মেনে নিয়ে সামনের দিনগুলোর ভালো চিন্তা করুন। দেখবেন সমস্যা কেটে যাবে এবং মানসিক চাপও কমবে। মনে রাখবেন মদ্যপান, ধূমপান, ক্রোধ মানসিক চাপ কখনই কমাতে পারে না। বরং এতে লাভের চেয়ে ক্ষতি হয় বেশি।