বাউফল-বগা সড়কটির সংস্কার আদৌ এ সরকারের আমলে শেষ হবে কী না এ নিয়ে সংশয় দেখা দিয়েছে। এ সড়কটিকে বলা হয় বাউফল উপজেলায় প্রবেশ তোরণ । স্বাধীনতা উত্তর ৪০ বছরেও ৯ কিলোমিটার দীর্ঘ এ সড়কটির কোন উন্নয়ন হয়নি । দুই দশক ধরে সড়কটি যানবাহন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে থাকায় বাউফলবাসী যাতায়াতের ক্ষেত্রে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে । সরকার আসে , সরকার যায় কিন্তু সড়কটির কোন উন্নয়ন হয় না । প্রতিবার নির্বাচন প্রাক্কালে নেতারা ওয়াদা দেন। কিন্তু নির্বাচিত হওয়ার পর ওয়াদা শুধু ওয়াদা হিসাবেই থেকে যায় । বর্তমানে সড়কটি দিয়ে জেলা ও রাজধানীর সাথে বাস চলাচল এক রকম বন্ধ হওয়ার পথে ।। বিভাগ শহর বরিশালের সাথে ২/৩টি চলাচল করলেও তাও সড়কটি সংস্কার না হলে বন্ধ হয়ে যাবে ।্ ২০০১ সালের নির্বাচন ছাড়া বাকি সব ক’টা নির্বাচনেই বাউফলবাসী আওয়ামী লীগ প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে আসছে । আসম ফিরোজ পাঁচবার নির্বাচিত এমপি । মহাজোট আমলে তিনি হুইপ । ২০০৮ সালের নির্বাচন প্রাক্কালে তিনি বাউফলবাসীর কাছে ওয়াদা করেছিলেন তাকে ভোট দিলে এবং তার দল ক্ষমতায় গেলে তার প্রথম কাজ হবে বাউফল-বগা সড়কটির সংস্কার। মহাজোট সরকারের ৪ বছর পূর্ণ হতে বেশি দিন বাকি নেই । কিন্তু এখন পর্যন্ত নির্বাচনী ওয়াদা পূরণ হয়নি । অবশিষ্ট ১ বছরেও পারবে কিনা তাও অনিশ্চিত। এ ব্যাপারে হুইপ আসম ফিরোজের কাছে জানতে চাইলে তিনি বলেন, দুমকি-বগা¬বাউফল ও দশমিনা সড়ক সংস্কারে প্রায় একশ’ কোটি টাকা বরাদ্দ করানো হয়েছে । ঠিকাদাররা কাজ শুরু করে আবার তা বন্ধ রাখে । কেন বন্ধ সে সম্পর্কে হুইপ কিছুই বলতে পারছেন না । এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদারদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন , অর্থ বরাদ্দ নেই ।
