হেমন্ত মানে একখণ্ড স্থির জল, সেই জলে
দাঁড়িয়ে আছো আইফেল টাওয়ার;
কেউ কি বলতে পারে আমি কবে ছিলাম শৈশব
কবে ছিলাম হাফপ্যান্ট, কবে বালিকা ইসকুল
বরফে ঢেকেছে সব বালকবেলার রূপকথা।
এই আকাশ কি তবে খোলা খোঁপার মতোন অস্থির
সারা গায়ে অদ্ভুত কুয়াশা, শরতের শাদা
মেঘ পালিয়েছে বনে
বসন্ত কি ফিরে আসবে কথা দিয়েছিলো?
হেমন্তের তুষার বর্ষা, একা কাঁদে ভীরু বার্চবন
পাখির পরনে সুতিবস্ত্র, ফুলগুলি কোথায় উধাও
আমাদের মাঝখানে পশ্চিমের ঘন শীতকাল।
হেমন্তে প্রথম আমি পরি ভারী জামা মাফলার পরেছে কি
মেহগনি গাছ,
কেন যে হেমন্তে এতো জেগে থাকি, নাইটগার্ডের মতো
জেগেই ঘুমাই?
