শক্তিশালী টাইফুন বোপার আঘাতে লন্ডভন্ড ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের প্রায় ২ লাখ মানুষ এখন গৃহহারা। এতে মৃতের সংখ্যা বেড়ে ৩২৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া ভূমিধসে ৩৭৯ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল রোক্সাস।
দেশটির বেসামরিক প্রতিরক্ষা প্রধান বেনিতো রামোস বলেন, সরকার নিখোঁজ ৩৭৯ জনকে খুঁজে বের করার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। সেইসঙ্গে গৃহহীন লোকদের আশ্রয়ের ব্যবস্থা করতেও তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এ বিষয়টিও তাদের অধিকতর গুরুত্বের মধ্যে রয়েছে। এ লক্ষ্যে তারা স্কুল এবং বিভিন্ন সরকারি ভবনে অস্থায়ী আশ্রয় শিবির খুলেছে। বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের কার্যালয় থেকে গতকাল বৃহস্পতিবার বলা হয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দুটি প্রদেশ কমপোস্তেলা এবং দাবাও থেকে আরও বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
