স্থানীয়ভাবে নভো নরডিস্কের ইনসুলিন উত্পাদন শুরু

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১২, ২০:৪৪
ডেনমার্কের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান নভো নরডিস্ক বাংলাদেশে ইনসুলিন উত্পাদন শুরু করেছে। এসকেএফ বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ডায়বেটিক নিরাময়কারী এ ইনসুলিন উত্পাদন করবে প্রতিষ্ঠান। এ ধারাবাহিকতায় তিন ধরনের ইনসুলিন এ দেশের বাজারে নিয়ে এসেছে নভো নরডিস্ক। মিক্সটার্ড ৩০, ইনসুলেটার্ড ও অ্যাকট্রাপিড। রাজধানীর একটি হোটেলে বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে ইনসুলিনগুলোর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে নভো নরডিস্কের কর্মকর্তারা বলেন, প্রতিষ্ঠানটি ৫০ বছর ধরে বাংলাদেশে ডায়াবেটিক রোগীদের সেবা দিতে কাজ করছে। বাংলাদেশে বর্তমানে ৮৪ লাখ ডায়াবেটিক রোগী আছেন। আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের হিসাবে ২০৩০ সালে এ সংখ্যা দ্বিগুণ হবে। বর্তমানে বাংলাদেশে ইনসুলিন ব্যবহারকারী ডায়াবেটিক রোগীর প্রতি ১০ জনের মধ্যে ছয় থেকে সাতজনই নভো নরডিস্কের ইনসুলিন ব্যবহার করে থাকেন। তারা বলেন, নভো নরডিস্ক এসকেএফ বাংলাদেশের সঙ্গে অংশীদারির ভিত্তিতে উচ্চপ্রযুক্তির উত্পাদন, মান নিয়ন্ত্রণ এবং প্যাকেটজাতকরণের সুবিধাসম্পন্ন কারখানা স্থাপন করেছে। স্থানীয় উত্পাদনের মান কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। এছাড়া অন্যদের মধ্যে ডেনমার্কের বাণিজ্য ও বিনিয়োগমন্ত্রী পিয়া ওলসেন ডায়ের, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, ড্যানিশ রাষ্ট্রদূত ভেনড ওলিং, নভো নরডিস্কের লোকাল মার্কেট সিএমও এবং পরিচালক কিম স্টিফেনসন, ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খান, নভো নরডিস্কের বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এ রাজন কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।