ধনবাড়ি গার্লস কলেজে ক্লাস ও পরীক্ষা চলে মাঠে

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১২, ২০:৫৬
টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার আসিয়া হাসান গার্লস কলেজের বড়ই করুণ দশা। ভবনের অভাবে এক চিলতে খেলার মাঠে সারা বছর ক্লাস ও পরীক্ষা চলে। ধনবাড়ির জমিদার নবাবজাদা হাসান আলী চৌধুরী এবং তার সহধর্মিনী বেগম আসিয়ার নামে ১৯৯১ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। এটি এখন ডিগ্রি কলেজ। ছাত্রীর সংখ্যা প্রায় দেড় হাজার। প্রতি বছর উচ্চমাধ্যমিক ও ডিগ্রি পর্যায়ে কলেজটি ঈর্ষণীয় ফলাফল করে আসছে। ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় জেলা জুড়ে রয়েছে কলেজের সুনাম। কিন্তু সব সরকারের আমলেই প্রতিষ্ঠানটি সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। ছোট্ট পরিসরের দুইটি পাকা এবং একটি কাঁচা টিনের ঘরে কলেজের প্রশাসনিক, বিজ্ঞানাগার ও ক্লাস নেয়ার কাজ চলে। স্থানাভাবে সারা বছর খেলার মাঠে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ এম আজিজুর রহমান জানান, ভবনের অভাবে লেখাপড়া, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার কাজ দারুণভাবে ব্যাহত হচ্ছে। ছাত্রীদের দুর্দশা বর্ণনা করার মতো নয়। বর্ষায় ভিজে এবং প্রচণ্ড রোদে ছাতা মাথায় তারা ক্লাস করতে বাধ্য হয়। এ ক্যাটাগরির প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও শিক্ষা মন্ত্রণালয়ের ফ্যাসিলিটিজ বিভাগ ভবন নির্মাণে সহযোগিতা করেনি।