মেসিকে নিয়ে শঙ্কায় বার্সেলোনা!

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১২, ২১:২৮
লিওনেল মেসির সাথে বার্সেলোনার জন্যও গত বুধবার বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ খেলাটি হতাশা বয়ে আনলো। কেননা আর্জেন্টাইন অধিনায়ক কোথায় জার্ড মুলারের এক পঞ্জিকা বর্ষে ক্লাব ও দেশের হয়ে সর্বাধিক গোলের রেকর্ড ভাঙ্গবেন, উল্টো বাঁ-পায়ের হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। এ খেলায় বিপক্ষের গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে এমন দশায় পড়েন তিনি। অপরদিকে নিজেদের মাঠ ন্যূ ক্যাম্পে পর্তুগালের দলটির সাথে গোলশূন্য ড্র করে স্পানিশ জায়ান্টরা। মেসির মত বার্সার খেলাতেও কোন উদ্ভাস ছিল না এই রাতে। বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়েছে মেসির হাঁটুর চোট সামান্য, তবে এখনো অনেক ডাক্তারী পরীক্ষা-নিরীক্ষা বাকি, সেগুলো শেষ হলেই জানা যাবে ইনজুরি কতটা মারাত্মক। এ জন্য অপেক্ষা করতে হবে। দু’দলের ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় স্কটল্যান্ডের ক্লাব সেল্টিক উঠে গেলো শেষ ষোলয়। অন্যদিকে লড়াকু পর্তুগীজ দলটিকে বিদায় নিতে হলো চ্যাম্পিয়ন্স লিগ থেকে। বার্সেলোনা ‘জি’ গ্রুপে ছয় ম্যাচে ১৩ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে। আগেই তাদের শেষ ষোলো নিশ্চিত ছিল। সেল্টিক দ্বিতীয় স্থানে থেকে একই যোগ্যতা অর্জন করলো ১০ পয়েন্ট নিয়ে। সেল্টিক এ রাতে ২-১ গোলে হারায় স্পার্টাক মস্কোকে। জার্মান কিংবদন্তী জার্ড মুলারের রেকর্ড হাতছানি দিয়ে ডাকছিল মেসিকে। নূ ক্যাম্পে নিজেদের মাঠে বার্সেলোনা। সমর্থকরা ছিলেন অধীর আগ্রহে। চলতি বছরে এ পর্যন্ত মেসির গোল হলো ৮৪টি। মুলার ১৯৭২ সালে পশ্চিম জার্মানি ও বায়ার্ন মিউনিখের হয়ে করেছিলেন ৮৫ গোল। এক গোল দূরে দাঁড়িয়েছিলেন মেসি যিনি ম্যাচের ৫৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন। কিন্তু দুর্ভাগ্য মেসির, ম্যাচের শেষ দিকে ইনজুরির কবলে পড়েন তিনি। ফলে রেকর্ড ভাঙা হলো না ২৫ বছর বয়সী মেসির। মুলারের ৪০ বছরের রেকর্ডটি অক্ষত থাকলো আরো কিছু সময়। মেসিকে ৮৫ মিনিটে স্ট্রেচে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। এর আগের মিনিটে বেনফিকা গোলরক্ষকের সাথে সংঘর্ষ হওয়ায় তিনি মাটিতে ভূপাতিত হন। বার্সেলোনা সকল বদলি খেলোয়াড় মাঠে নামিয়ে ফেলায় ওই সময় দশজনের দলে পরিণত হয়। ম্যাচ শেষে বার্সেলোনা কোচ টিটো ভিলানোভা বলেন,‘আমি মারাত্মক কিছু দেখছি না। তার হাঁটুতে চোট লেগেছে। তার কিছু পরীক্ষা করাতে হবে, দেখতে হবে এখন আসলে কোন পরিস্থিতিতে আছে সে।’ বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামলেও মেসি অবশ্য মুলারের রেকর্ড ছুঁয়ে ফেলতে পারতেন কাল। গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন তিনি। বেনফিকার গোলরক্ষক আর্থার দারুণভাবে মেসির আক্রমণ রুখে দেন। আর এই পরিস্থিতিতেই তিনি ইনজুরির কবলে পড়েন। বার্সেলোনা কোচ আরো বলেন,‘আমি তাকে শেষ ৩০ মিনিট খেলিয়েছি কিছু একটা করে দেখানোর জন্য। সে শুধু রেকর্ড ভাঙার জন্য খেলে না। এমন হলে সে তো শুরু থেকেই মাঠে থাকতো। একজন খেলোয়াড় যেকোন সময় ইনজুরিতে পড়তে পারে কিন্তু দিনশেষে আমরা বার্সেলোনা এবং চ্যাম্পিয়ন্স লিগে খেলছি।’