স্পিনারদের বাড়তি গুরুত্ব দিচ্ছে উইন্ডিজ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১২, ২১:২৯
এক ম্যাচ জিতে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এখন সিরিজে ফিরতে মুখিয়ে আছে তারা। হরতালের কারণে তৃতীয় ওয়ানডের আগে মাঠে অনুশীলন করেনি সফরকারীরা; কিন্তু তৃতীয় ম্যাচে জয়ের পর গতকাল বৃহস্পতিবার সকালে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করতে চলে আসে ক্যারিবীয়রা। আগের ম্যাচ জিতলেও কার কোথায় সমস্যা এই ভুলগুলো শুধরানোর জন্যই আড়াই ঘণ্টার অনুশীলন চলে তাদের। তবে কাল নারিন ও পারমলকে বেশি ব্যস্ত থাকতে দেখা গেছে। এই সিরিজে এখন লড়াইটা হচ্ছে স্পিনার বনাম ব্যাটসম্যানদের মধ্যে। তাই স্পিন দিয়েই স্বাগতিকদের ঘায়েল করতে চায় ওয়েস্ট ইন্ডিজ। কাল অনুশীলন শেষে দলের সহকারী কোচ টবি রেডফোর্ড এসব বিষয় নিয়ে কথা বলেন। তার সাক্ষাত্কারটি তুলে ধরা হল— প্রশ্ন: ওয়েস্ট ইন্ডিজ পারফর্মেন্সে কি আপনি খুশি? রেডফোর্ড: গত ম্যাচের পারফর্মেন্সে আমরা খুবই খুশি। এই পিচে খেলা সহজ ছিল না। সুনীল নারিন বেশি ভালো খেলে ফেলেছে। অপরপ্রান্তে পারমলও ভালো বল করেছে। স্পিনাররা তাদের কাজ ঠিকমত করেছে বলেই আমরা এই সাফল্য পেয়েছি। মারলন স্যামুয়েলসের ইনিংসও ছিল অসাধারণ। এক কথায় সবার পারফর্মেন্সই ছিল দুর্দান্ত। প্রশ্ন: কোচ হিসেবে আপনার ভূমিকা কি? রেডফোর্ড: তাদের আত্মবিশ্বাসকে উঁচুতে নিয়ে যাওয়া। কিছু পরিকল্পনা রয়েছে, আমরা জানি বাংলাদেশ কিভাবে খেলছে। তাদের ভালোমানের স্পিনার রয়েছে তাই স্পিনারদের জন্য পিচ তৈরি করা হয়েছে। আমাদের পরিকল্পনা অবশ্যই থাকবে কিভাবে ধৈর্য্য ধরে স্পিন খেলতে হয়। ৫০ ওভার ব্যাট করতে হলে দীর্ঘ সময় ধৈর্য্য ধরতে হয়। গত ম্যাচে স্যামুয়েলস সেই জিনিসটি করেছে যা আমাদের জয় এনে দিয়েছে। প্রশ্ন: সম্প্রতি গেইল তার স্বাভাবিক খেলাটা খেলতে পারছে না। তার এরকম পারফর্মেন্সের কারণ কি মনে হয় আপনার কাছে? রেডফোর্ড: ক্রিস গেইল অলরাউন্ড পারফর্মেন্স করে আসছে। তিনি অবশ্যই দুর্দান্ত একজন খেলোয়াড়। তিনি তার দুর্বলতা এবং শক্তি সম্বন্ধে অবহিত। আমার মনে হয়, খুব শীঘ্রই তিনি বড় স্কোর করতে পারবেন। আমি খুবই আশাবাদী তার ফিরে আসার ব্যাপারে। তার সমর্থকরাও এটার জন্য মুখিয়ে আছে। প্রশ্ন: পারমলকে নিয়ে আপনারা কতটা আশাবাদী? তরুণ হিসেবে সে দলের কতটা কার্যকর ভূমিকা রাখতে পেরেছে? রেডফোর্ড: অবশ্যই তিনি একজন মেধাবি বোলার। কয়েক মাস আগে তিনি এখানে ওয়েস্ট ইন্ডিজ হাই পারফর্মেন্স দলের হয়ে খেলে গেছে। ওয়ানডে ম্যাচে চার উইকেটও নিয়েছিল। তার যোগ্যতা আছে। লোয়ার অর্ডারে নেমে ভালো ব্যাটও করতে পারে সে। তার আত্মবিশ্বাস আছে ঠিকই; কিন্তু প্রথম ম্যাচে এত দর্শকের সামনে পারমল একটু নার্ভাস ছিল। তাই তিনি নিজেকে মেলে ধরতে পারেননি। আমার মনে হয়, এই উইকেটে দুইজন স্পিনার খেলানো গুরুত্বপূর্ণ। গেইল ভালো বল করছেন। এই উইকেটে পেসের পরিমাণ কম থাকলে বরং ভালো সহায়তা পাওয়া যাবে। খুলনায় বাংলাদেশি বোলাররা যে সমস্যায় ফেলেছিল আমাদের ঢাকায় আমরা সেই একই সমস্যায় তাদের ফেলেছি। প্রশ্ন: টসটা কি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে? রেডফোর্ড: অবশ্যই; কুয়াশার কারণে টসটা খুবই গুরুত্বপূর্ণ। গত রাতে বল হাত থেকে পিছলে পড়েছিল। ফিল্ডাররাও পড়ে গিয়েছিল। বোলারদের জন্য মোটেও এই কাজটি সহজ ছিল না। এই কারণে টসটা গুরুত্বপূর্ণ। আমি জানি না ম্যাচের সময় এক ঘণ্টা এগিয়েছে কিনা তবে বিকালের কুয়াশা ম্যাচে একটা প্রভাব ফেলতে পারে।