চ্যাম্পিয়ন্স ট্রফি হকি

ভারত ও পাকিস্তান সেমিফাইনালে

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১২, ২১:৩০
ভারত ও পাকিস্তান অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত হকি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠেছে। গতকাল বৃহস্পতিবার মেলবোর্নের স্টেট হকি সেন্টারে কোয়ার্টার ফাইনালে ভারত ১-০ গোলের ব্যবধানে বেলজিয়ামকে এবং পাকিস্তান শক্তিশালী জার্মানিকে ২-১ গোলে হারিয়ে এ কৃতিত্ব দেখায়। শেষ চারে ভারত আগামীকাল শনিবার টানা চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে। অন্যদিকে পাকিস্তানের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। ফলে ফাইনালে ভারত-পাকিস্তানের দ্বৈরথের সম্ভাবনাও রয়েছে। ৯ ডিসেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে। ভারত ১৩ মিনিটের গোলে এগিয়ে থেকেই জয় নিশ্চিত করতে সক্ষম হয়। ভারতের হয়ে জয়সূচক গোলটি করেন নিতিন থিমাইয়া। এরপর বেশ কয়েকটি সুযোগ পেলেও ভারত আর গোলের দেখা পায়নি। মাঝ মাঠে দুর্দান্ত শক্তিশালী বেলজিয়াম চাপ বজায় রেখে ছয়টি পেনাল্টি কর্নার পেলেও ভারত পেয়েছে কেবল একটি। তারপরও রক্ষণভাগে ভি আর রঘুনাথ ও রুপিন্দার পাল সিংয়ের নৈপুণ্যে ভারতকে সমস্যায় পড়তে হয়নি। এ ব্যাপারে গোলরক্ষক টি আর পটুনুরিও অবদান রাখেন। সব মিলিয়ে ভারত খেলায় অগ্রগামিতা ধরে রাখতে সক্ষম হয়। বেলজিয়াম এর আগের দুইবারের মোকাবেলায় ভারতকে হারায়। সে দুটি খেলা ছিল গত বছর চ্যাম্পিয়ন্স চ্যালেঞ্জের ফাইনাল এবং চলতি বছরে লন্ডন অলিম্পিকের প্রাথমিক লিগে। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বশেষ ব্রোঞ্জ জিতেছিল ১৯৮২ সালে। ২০০৪ সালে ব্রোঞ্জ জয়ের কাছাকাছি গিয়েও সে সুযোগ হারায় তারা। পাকিস্তান এর আগের কোয়ার্টার ফাইনালে এক গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত দুর্দান্তভাবে খেলায় ফিরে জয়ী হয়। অলিম্পিক স্বর্ণজয়ী জার্মানিকে রুখে দেয় তারা। শাকিল আব্বাসী জয়ের রূপকার। দুটি গোলই এসেছে তার স্টিক থেকে। ম্যাচের ৯ মিনিটে জার্মানি ১-০ গোলে এগিয়ে গিয়েছিলো। আব্বাসী ৩৯ ও ৫০ মিনিটে গোল দুটি করেন। সবুজ জার্সিধারীরা বেশকয়টি গোলের সুযোগ হারিয়েছেন। এর মধ্যে তিনটি পেনাল্টি কর্নারও রয়েছে। এসব সুযোগ কাজে লাগানো গেলে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দলটির বিপক্ষে জয়ের ব্যবধান আরো সমৃদ্ধ হতে পারতো। তবে পাকিস্তানের জয়সূচক গোলটি ছিল বিতর্কিত। কিন্তু ভিডিও রিপ্লেতেও জার্মানির প্রতিবাদের দাবি পরিষ্কারভাবে বোঝা যায়নি। পাকিস্তানের জয়ের নায়ক আব্বাসীর বিশ্বাস তার দল নিয়মিতভাবে এই টুর্নামেন্ট ভাল করবে। আব্বাসী বলেন, ‘আগের তিন ম্যাচে আমি গোল করতে পারিনি। দলের মুখ্য খেলোয়াড় হিসেবে তাই অনুভব করলাম আমাকেই গোল করতে হবে। যদি আমাদের আত্মবিশ্বাস থাকে এবং সর্বোচ্চ দিয়ে খেলি তাহলে যেকোন দলের বিপক্ষে জয় সম্ভব। ’ টুর্নামেন্টে এটা পাকিস্তানের কেবল দ্বিতীয় জয়। অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পরও বেলজিয়ামের বিপক্ষে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল তারা। অপর কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়া ২-০ গোলে ইংল্যান্ডকে হারায়। একই ব্যবধানে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিতে উঠে যায় নেদারল্যান্ডস।