ইটালির তারকা ফুটবলার আলেসান্দ্রো ডেল পিয়েরো অস্ট্রেলিয়ার এ-লিগে সিডনি এফসি’র হয়ে আগামী সপ্তাহে ওয়েলিংটন ফিনিক্সের বিপক্ষে ম্যাচটি খেলতে পারছেন না। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তাকে মাঠের বাইরে কাটাতে হবে বলে জানিয়েছে ক্লাবটি। অজি ক্লাবটির এক কর্মকর্তার সূত্রে জানা গেছে, ইটালির হয়ে বিশ্বকাপ জয়ী ৩৮ বছর বয়সী এই খেলোয়াড়ের ডাক্তারি পরীক্ষায় ইনজুরি ধরা পড়েছে। গত সপ্তাহে মেলবোর্ন হার্টের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে ডেল পিয়েরো ইনজুরিতে পড়েন। তখন তার হ্যামস্ট্রিংয়ে কোন আঘাত ধরা পড়েনি। এ সম্পর্কে দলটির কোচ ফ্র্যাংক ফারিনা বলেছেন, স্ক্যান রিপোর্টে ডেল পিয়েরোর হ্যামস্ট্রিংয়ে টান ধরা পড়েছে। তাই রবিবার সে দলের সাথে ওয়েলিংটন যাচ্ছে না। কিন্তু ইতিবাচক দিক হচ্ছে, হ্যামস্ট্রিংয়ে কোন গুরুতর আঘাত ধরা পড়েনি। এরপরও আমরা ইনজুরির মাত্রা পর্যবেক্ষণ করব এবং তারপরই আগামী সপ্তাহে তার অনুশীলনে ফিরে আসার ব্যাপারে সিদ্ধান্ত নেব। সিডনির জন্য চলতি মৌসুমটি ব্যর্থতার হলেও এর মধ্যে কিছুটা ইতিবাচক দিক হিসাবে ডেল পিয়েরো দলকে এ পর্যন্ত পাঁচটি গোল উপহার দিয়েছেন। -বাসস/এএফপি
