কারখানা মালিকসহ তিনজনকে জেল জরিমানা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১২, ২১:৫৬
রাজধানীর শান্তিনগরে ওষুধ তৈরির কারখানায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভেজাল ভেষজ ওষুধ তৈরির অভিযোগে মালিকসহ ৩ জনকে কারাদণ্ড ও ৬ লাখ টাকা জরিমানা করেছে। র্যাব-৩ এএসপি আবুল কালাম আজাদ জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মো. ফরহাদ হোসেন ও ওষুধ অধিদফতরের ড্রাগ সুপার নারগিস আক্তারের নেতৃত্বে একটি টিম বুধবার শান্তিনগরের ৩৬, পীর সাহেবের গলির শাহাদত্ হোসেন ভুঁইয়ার ৪র্থ তলার ভবনের নিচ তলায় স্নেহা ইউনানী ল্যাবরেটরিজে অভিযান চালায়। ভেজাল ভেষজ ওষুধ উত্পাদনের অভিযোগে ঐ কারখানার মালিক ওয়াহিদুল ইসলামকে ২ বছর বিনাশ্রম কারাদণ্ড, কর্মচারী হযরত আলীকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড এবং আরেক কর্মচারী কালাম শরিফকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে এই ৩ জনকে ভ্রাম্যমাণ আদালত ২ লাখ টাকা করে ৬ লাখ টাকা জরিমানা এবং ঐ কারখানা থেকে প্রায় ১০ লাখ টাকার ভেজাল ভেষজ ওষুধ জব্দ করা হয়।